বান্দরবান, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান থেকে নির্বাচিত সাংসদ আ. লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।
রোববার দায়িত্ব পাওয়ার পরপরই সকাল ১০টায় তার ন্যাম ফ্ল্যাটের অস্থায়ী কার্যালয়ে প্রথম অফিস করেছেন।
এ ব্যাপারে উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা এ সংক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন পেয়েছেন।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অস্থায়ী কার্যালয় হিসেবে নিজের ন্যাম ফ্ল্যাটের কোয়ার্টারে বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর সকাল ১০টায় অফিস করেছেন।
জেলা আ. লীগ সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাস বলেন, বীর বাহাদুর দ্বিতীয়বারের মতো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১৯৯৬ সালে উপ-মন্ত্রীর মর্যাদায় তাকে এ পদের দায়িত্ব দেওয়া হয়েছিল।
তিনি জানান, ২০০১ সালে খাগড়াছড়ি থেকে নির্বাচিত বিএনপি সাংসদ আব্দুল ওদুদ ভূঁইয়া উপ-মন্ত্রীর মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
লক্ষ্মীপদ দাস আরও বলেন, জিওসি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পালনকালে উপ-মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদায় ছিলেন না। তাই বীর বাহাদুরকে এবার প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে চেয়ারম্যান পদ দেওয়ার কথা থাকলেও প্রথম পর্যায়ে আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি।
আগামী ৪/৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন লক্ষীপদ।
এদিকে স্বেচ্ছা সেবক লীগের জেলা সভাপতি সাদেক হোসেন চৌধুরী বীর বাহাদুরকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া বীর বাহাদুর বান্দরবানসহ তিন পার্বত্য জেলার কাক্সিক্ষত উন্নয়ন করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা প্রেসক্লাব সভাপতি কবির হোসেন সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৬ ঘ.
bdnews24