২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ এপ্রিল থেকে সরকারি গম কেনা কর্মসূচি শুরু

১ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি মৌসুমে সরকারি গম কেনা কর্মসূচি। এবারই প্রথম সরাসরি কৃষকদের কাছে থেকে গম সংগ্রহ করা হবে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহ এ সংগ্রহ অভিযান চলবে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি গম কেনা হবে ১৬ টাকা দরে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার কৃষকদের উৎপাদিত গম সরাসরি সংগ্রহ নিশ্চিত করতে স্থানীয় কৃষি অধিদপ্তরের ব্লক সুপারভাইজারদের সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 08:15 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি মৌসুমে সরকারি গম কেনা কর্মসূচি। এবারই প্রথম সরাসরি কৃষকদের কাছে থেকে গম সংগ্রহ করা হবে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহ এ সংগ্রহ অভিযান চলবে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি গম কেনা হবে ১৬ টাকা দরে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার কৃষকদের উৎপাদিত গম সরাসরি সংগ্রহ নিশ্চিত করতে স্থানীয় কৃষি অধিদপ্তরের ব্লক সুপারভাইজারদের সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। পিউস কস্তা বলেন, প্রতি বছর সরাসরি কৃষকদের কাছ থেকে গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু মধ্যস্বত্ত্বভোগী ফড়িয়া ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে কম দামে ফসল সংগ্রহ করে তা সরকারি গুদামে সরবরাহ করে থাকে। ফলে কৃষকরা উৎপাদিত পণ্যের মূল্য ঘরে তুলতে পারে না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকার এবার বিকল্প ব্যবস্থা নিয়েছে। এ ব্যবস্থায় কৃষকদের পণ্য সরবরাহের সময় অবশ্যই স্থানীয় ব্লক সুপারভাইজারের সনদ দেখাতে হবে। কোন কৃষক সরবরাহের সময় এ সনদ দেখাতে না পারলে গম গুদামে না নেওয়ার জন্য ইতোমধ্যেই দায়িত্বশীল কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান পিউস কস্তা। খাদ্য অধিদপ্তর বলেছে, সরকার এবার অভ্যন্তরীণ বাজার থেকে ৩০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। একজন কৃষক সর্বোচ্চ দুই টন থেকে সর্বনিম্ন ৮৫ কেজি পর্যন্ত গম গুদামে সরবরাহ করতে পারবেন। এতে নগদ অর্থে মূল্য পরিশোধ করা হবে। এর আগে দেশে গম ও আটার মূল্য বেশি থাকায় সরকার অভ্যন্তরীণ বাজার থেকে গম সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু চলতি মৌসুমে নতুন ওঠা গমের মূল্য খুব নেমে যায়। প্রতি কেজি গম বাজারে বিক্রি হয় মাত্র ১০ থেকে ১১ টাকা দরে। অথচ কেজিপ্রতি উৎপাদনব্যয় হয়েছে ১৭ থেকে ১৮ টাকা। এ অবস্থায় কৃষকদের উৎপাদিত পণ্যের 'যথাযথ' মূল্যপ্রাপ্তি নিশ্চিত করতে গত ২৫ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের এক সভায় স্থানীয় বাজার থেকে গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কিছু গম আমদানিও করা হবে। ওই সভা শেষে কমিটির সভাপতি খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি গম সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী সেদিন আরো জানান, ৫০ হাজার থেকে এক লাখ মেট্রিক টন গম সংগ্রহ করার প্রস্তুতি সরকারের রয়েছে। তবে সরবরাহের ওপরই লক্ষ্যমাত্রা নির্ভর করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৩৭ঘ.