২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সাবেক আ'লীগ নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

বগুড়া, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হয়েছে। আকবর আলী কিছুদিন আগেও আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন। তবে দলের উপজেলা সাধারণ সম্পাদক ইউনুস আলী দাবি করেছেন, স্বাধীনতা বিরোধী হওয়ায় তাকে সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আকবর আলীর বিরুদ্ধে মামলাটি করেন নন্দীগ্রাম উপজেলার ধোন্দার হিন্দুপাড়া গ্রামের চৈতন্য নাথ দাস। হাকিম মো. জিয়াউর রহমান অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলার এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ১৭ মে আসামি আকবর আলী (৬৫) পাক হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন এবং যাবার সময় আগুন দিয়ে ঘর পুড়ে দিয়ে যান। এ সময় বাদী পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে আশ্রয় নেন। অভিযোগে আরও বলা হয়, নন্দীগ্রাম উপজেলার পূর্ব একডালা গ্রামের লালমন প্রামাণিকের ছেলে আকবর আলী পাক হানাদার বাহিনীর সহযোগী ও শান্তি কমিটির নেতা হিসেবে পরিচিত। তিনি এলাকায় নারী ধর্ষণ ও লুটপাটে পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন। এ ব্যাপারে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী সাংবাদিকদের বলেন, "স্বাধীনতা বিরোধী হওয়ায় আকবর আলীকে ইতোপূর্বে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।" মামলার বাদী চৈতন্য নাথ দাস বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধোন্দার হিন্দুপাড়া গ্রামের (বর্তমান-গোবিন্দপুর গ্রাম, দুপচাঁচিয়া উপজেলা, বগুড়া) কুঞ্জবিহারী দাসের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এইচএ/০০২০ঘ.