২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে যুবলীগ নেতা জখম, পাল্টা হামলায় আহত ৫

বাগেরহাটের কচুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রোববার রাতে স্থানীয় মঘিয়া ইউপি চেয়ারম্যানের সমর্থকদের হামলায় আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

বাগেরহাট, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের কচুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রোববার রাতে স্থানীয় মঘিয়া ইউপি চেয়ারম্যানের সমর্থকদের হামলায় আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জেরে সোমবার সকালে মঞ্জুরুলের লোকজন ওই ইউনিয়নের বেশকিছু বিএনপি ও জামায়াত সমর্থকের ওপর হামলা চালায়। এতে আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। এ সময় তারা একটি মটরসাইকেল এবং একটি সমবায় সমিতির কার্যালয়ও ভাঙচূর করে। মঞ্জুরুলের লোকজনের হাতে আহতরা হলেন, কচুয়া ডিগ্রি কলেজের প্রভাষক এস.এম. কামরুজ্জামান, তার ভাই স্থানীয় মোবায়েদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. মনিরুজ্জামান, মাধবকাঠি ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, সোনাকুড় বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন এবং সহবতকাঠি গ্রামের মিল্লাত হোসেন। আহতদের সবার বাড়ি মঘিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এদের মধ্যে এস.এম. কামরুজ্জামান ও মিল্লাত হোসেনাক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মঞ্জুরুল করিমের ভাই আহসানুল করিম জানান, মঘিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেনের বিভিন্ন অনিয়ম নিয়ে রোববার রাতে মঞ্জুরুল প্রতিবাদ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আশরাফ হোসেন ও তার সহযোগীরা সম্মানকাঠি সেতুর কাছে মঞ্জুরুলকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। মঘিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাত ৮টার দিকে মঞ্জুরুল ১০/১২ জন সন্ত্রাসীসহ ওই এলাকায় এসে আমাকে খোঁজে। আমাকে পেয়ে সে গালিগালাজ করে এবং শার্টের কলার ধরে চড় দেয়। এই ঘটনার পর উপস্থিত জনতা উত্তেজিত হয়ে মঞ্জুরুলকে মারধর করে।" তিনি দাবি করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী মঞ্জুরুল বেশ কিছুদিন ধরে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। মোবাইল ফোনে হুমকিও দিচ্ছেন তাকে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, সোমবার সকালে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু কর্মী-সমর্থক কয়েকজনকে মারধর করলে তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মঘিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। রোববার রাতে যুবলীগ নেতাকে মারধরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩২ ঘ.