২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা মামলা: ব্যবসায়ীসহ আরও ৮ বিডিআর সদস্য রিমান্ডে

পিলখানা মামলায় এক ব্যবসায়ীসহ আরও আট বিডিআর সদস্যকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এ নিয়ে ঘটনার পর থেকে ১২৩ জনকে রিমান্ডে পাঠানো হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2009, 05:34 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা মামলায় এক ব্যবসায়ীসহ আরও আট বিডিআর সদস্যকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এ নিয়ে ঘটনার পর থেকে ১২৩ জনকে রিমান্ডে পাঠানো হলো। সোমবার মো. হাফিজুর রহমান নামে এক ব্যবসায়ী ও বিডিআরের সাত সদস্যকে তিনদিন এবং আরেক সদস্যকে সাতদিনের রিমান্ডে পাঠানো হয়। সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম তোফায়েল হাসান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ডে পাঠানোর এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ ব্যবসায়ী হাফিজুর এবং সাত বিডিআর সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। এছাড়া অপর বিডিআর সদস্যকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালত সিপাহি আলিম রেজা, সিপাহি হাবিবুর রহমান, হাবিলদার মাসুদ ইকবাল, হাবিলদার ইউসুফ আলী, সিপাহি বজলুর রশিদ, ল্যান্স নায়েক আনোয়ারুল ইসলাম, নায়েক আবদুল কাইয়ুমকে তিনদিনের এবং হাবিলদার জালাল উদ্দিন আহম্মেদকে ৭ দিনের রিমান্ডে পাঠায়। মাসুদ ইকবাল, ইউসুফ আলী, বজলুর রশিদ, ল্যান্স নায়েক আনোয়ারুল, নায়েক কাইয়ুমকে এর আগেও ৫ দিন রিমান্ডে নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকডিং কর্মকর্তা খন্দকার এখলাসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় এ পর্যন্ত ১২৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২৩৩০ঘ.