মৌলভীবাজার, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মৌলভীবাজার শহরের দরগা মহল্লায় সোমবার বিকেলে প্রতিপক্ষের হামলায় শেখ আব্দুল খালেক (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
তিনি মৌলভীবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সাব্বির জানান, খালেকের ভাগ্নে আব্দুর রহমানের বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী ইকবাল ও তার ভাইদের বিরোধ ছিল। বিরোধের জের ধরে বিকেলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ থামাতে গেলে প্রতিপক্ষের লোকজন ইট ও লাঠি দিয়ে খালেককে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খালেকের ভাগ্নে রহমান অভিযোগ করেন, ইকবাল, মিজান, রিপন, এসবাল ও রুবেল তার বাসায় হামলা চালায়।
রাতে মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সাব্বির জানান, খালেকের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24