২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে সাতক্ষীরায় দুজন আটক

জঙ্গি সন্দেহে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকা থেকে শনিবার রাতে দুজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

সাতক্ষীরা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গি সন্দেহে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকা থেকে শনিবার রাতে দুজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেয়ারাভালকি গ্রামের আবুল কাশেম (৩৮) এবং যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের জাহাঙ্গীর ওরফে মুকুল (২৮)। রোববার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক ইমদাদ হোসেন জানান, রাতে উত্তর কাটিয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। পুলিশ কর্মকর্তা জানান, আটক দু'জন পুলিশকে জানিয়েছে তারা আল্লাহর দলের সদস্য। ভোলার চরফ্যাশন উপজেলার এক কলেজ শিক্ষক তাদের নেতা বলে জানান। তবে কলেজ কিংবা ওই শিক্ষকের নাম জানাননি তারা। বাংলাদেশের সবগুলো জেলায় তাদের লোক রয়েছে বলে উল্লেখ করে এ দু'জন আরও জানান, তারা বিভিন্ন ধরনের মালামাল ফেরি করে বিক্রি করেন এবং আল্লাহর দাওয়াত মানুষকে পৌঁছে দেন। তারা ওই এলাকায় রুহুল আমিন সিদ্দিকীর নিরালা বাসভবনের নিচতলায় ভাড়া নিয়েছে ১০/১২ দিন আগে। ওই বাসা থেকে সাতক্ষীরা ডিবি পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে বেশ কিছু কসমেটিকস, স্যানিটারি সামগ্রী ও সুতাসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে। উপ-পরিদর্শক ইমদাদ হোসেন বলেন, "আটককৃতদের গতিবিধি ও কথাবার্তা সন্দেহজনক হওয়ায় ময়মনসিংহ থানায় তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য বলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৬ ঘ.