ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুউচ্চ ভবনে অগ্নিনির্বাপণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করার নির্দেশ কেন দেওয়া হবে না তার কারণ দর্শাতে সরকারের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাণ্ড পিস ফর বাংলাদেশ-এর দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়।
সরকারের স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ও পরিচালককে আগামী ছয় সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৫ মার্চ মানবাধিকার সংগঠনটির পক্ষে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী, মো. ছারওয়ার আহাদ চৌধুরী ও এখলাছউদ্দিন ভূইয়া রিটটি দায়ের করেছিলেন।
রিটটির ওপর শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, গত ১৩ মার্চ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আগুন লাগার সময় ১৪ তলার ওপরে আগুন নেভানোর জন্য কোন অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কোন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।
তিনি আরো বলেন, ঢাকা শহরে একাধিক বহুতল ভবনে হাজার হাজার মানুষ বাস করে। তাদের জীবনের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব। তাই সুউচ্চ ভবনে আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা আবশ্যক।
সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম শুনানিতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এইচএ/১৯৩৫ঘ.
bdnews24