ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীসহ পাঁচজন মারা গেছেন।
এর মধ্যে রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার মজিদপুরে রংপু-ঢাকা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দুপুরে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাক চাপায় মারা গেছে দুই শিশু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে দুজন হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ীর লিটন সরকার (২৮) এবং সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট গ্রামের পচাকান্ত রায় (৬৫)। আরেকজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সবাই বাসযাত্রী বলে জানিয়েছেন পীরগঞ্জের বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি জানান, বিকেল ৪টার দিকে রংপুর থেকে যাত্রীবাহী একটি বাস (বগুড়া জ- ০১২৯) গাইবান্ধা যাওয়ার পথে মজিদপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ড- ৬৬৩২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
চাঁদপুর: শাহরাস্তি উপজেলায় ট্রাক চাপায় মারা গেছে উয়ারুক কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থী তাসলিমা (৬) ও আজমান (৫)। তাসলিমা উপজেলার ইছাপুরা এলাকায় জামাল হোসেনের মেয়ে। সে প্লে-গ্র"পের ছাত্রী ছিল। আজমান একই উপজেলার টামটা এলাকার মনির হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছে নাজমুল হাসান নামের আরও এক স্কুলছাত্র। সে ইছাপুরা এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) সুভাষ কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে উপজেলার উয়ারুক এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়ক পার হওয়ার সময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী পাথর বোঝাই একটি ট্রাক (দিনাজপুর-ট-১১-০০৫১) তাসলিমাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকের ধাক্কায় আহত হয় আজমান ও নাজমুল।
আজমানকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকায় মারা যায়। নাজমুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সুভাষ কান্তি দাস জানান, এ ঘটনার পর ট্রাক চালক উয়ারুক রেলক্রসিং এলাকায় ট্রাকটি রেখে পালিয়ে যায়। ট্রাকটি এখন থানায় রয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.
bdnews24