ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- ফলাফলের গেজেট স্থগিত হওয়া ৭টি উপজেলায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
এছাড়া আরও ৯টি উপজেলায় বিচারিক কর্মকর্তা নিয়োগের জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসিতে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, "সাতটি উপজেলায় বিচারিক তদন্তের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে জেলা জজদের সমন্বয়ে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে। তদন্ত কমিশন আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।"
জামালপুরের মাদারগঞ্জ, নেত্রকোণার আটপাড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, লক্ষ্মীপুরের রায়পুর, কুমিল্লার চান্দিনা, ফেনীর ছাগলনাইয়া উপজেলার তিনটি পদে; মাদারীপুরের সদর উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান পদে এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিচার বিভাগীয় তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করতে ইসি চিঠি দিয়েছে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, গত ২২ জানুযারি উপজেলা নির্বাচনের পরে গেজেট প্রকাশ স্থগিত হওয়া হরিণাকুণ্ডু, আজমিরীগঞ্জ, ঈশ্বরগঞ্জ ও দাউদকান্দি উপজেলায় সংশ্লিষ্ট পদে প্রশাসনিক তদন্ত চলছে।
সাখাওয়াত হোসেন বলেন, "তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ২০টি উপজেলার বিষয়ে ইসি সিদ্ধান্ত জানাবে।"
নির্বাচনের দিন ও আগে বিভিন্ন ঘটনার কারণে নির্বাচন স্থগিত হওয়া ছয় উপজেলা- দিঘীনালা, উখিয়া, বেলকুচি, ব্রাহ্মণবাড়িয়া সদর, রামগঞ্জ ও বরুড়ায় আগামী ৬ এপ্রিল পুনর্নির্বাচন হবে। এছাড়া বিভিন্ন উপজেলার স্থগিত ১১টি ভোটকেন্দ্রে পুনঃভোট হবে ১৬ মার্চ।
সুষ্ঠু নির্বাচনের সুবিধার্থে মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুককে অন্যত্র বদলির জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ইসি সুপারিশ করবে বলেও জানান নির্বাচন কশিনার সাখাওয়াত হোসেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচসি/এএল/এসকে/২১০০ ঘ.
bdnews24