ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উস্কানিমূলক প্রচারপত্র বিলির সময় গ্রেপ্তার হিযবুত তাহরীর ও নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাওহীদের ১১ সদস্যের মধ্যে ছয় জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। (আরো তথ্যসহ)
বাকিদের কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযুক্তদের হাজির করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী মৌলবাদী প্রচারপত্র বিলির সময় সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়। পরে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এদের মধ্যে দারুস সালাম থানা থেকে জাফর সাদিক, তেজগাঁও থানা থেকে জাহিদুর রহমান, পল্লবী থেকে মনির হোসেন, মীরপুর থেকে ইব্রাহিম ও খালেকুর রহমান, খিলগাঁও থেকে আহমদ রিশাত হাসান, শাহবাগ থেকে যোবায়ের আহমেদ ও শামীম, ধানমণ্ডি থানা থেকে রায়হান, সাঈদ আরেফীন ও সৈয়দ নাসিরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।
শুনানি শেষে আদালত রায়হান, সাঈদ, নাসির, যোবায়ের, শামীম ও রিশাদকে দুইদিনের পুলিশ রিমাণ্ডে পাঠানোর আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২১২৬ঘ.
bdnews24