ঢাকা মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন, পিলখানার ঘটনা পূর্ব পরিকল্পিত-এ মর্মে এফবিআই-এর কথিত বক্তব্য বিষয়ে তারা কিছু জানেন না।
শনিবার বিভিন্ন পত্রিকায় সিআইডি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশিত হয় যে, এফবিআই সদস্যরা বলেছেন, পিলখানার ঘটনা পূর্ব পরিকল্পিত।
এ প্রসঙ্গে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি সৈয়দ শাহজামান রাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে আমার কিছু জানা নেই। আমার সাথে তাদের কথাও হয়নি। মামলাটি সিআইডির একটি টিম তদন্ত করছে। তারা হয়তো বলতে পারবে।"
অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারি সুপারিনটেনডেন্ট অব পুলিশ আব্দুল কাহার আখন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"এফবিআই সদস্যরা এরকম কিছু বলেছেন নাকি বলেননি, সে বিষয়ে আমার কোন ধারণা নেই।"
নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ঘটনার পরে সিআইডি'র কোন কর্মকর্তার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
তিনি বলেন," সংবাদমাধ্যম এ তথ্য কোথা থেকে পেল আমার জানা নেই। এফবিআই সদস্যরা তদন্তকারী নন, তারা বাংলাদেশী তদন্তকারীদের শুধুমাত্র সহায়তা করছেন। এ কারণে তারা মূলতঃ তদন্ত পদ্ধতির বিষয়ে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন মাত্র।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/১৯০৪ঘ.
bdnews24