২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর কর্মচারীদের স্বতন্ত্র বেতন স্কেল দাবি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল দাবি করেছে চট্টগ্রাম বন্দরের সেন্ট্রাল বারগেইনিং অ্যাসোসিয়েশন (সিবিএ) নির্বাচিত বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। শনিবার ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 09:13 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল দাবি করেছে চট্টগ্রাম বন্দরের সেন্ট্রাল বারগেইনিং অ্যাসোসিয়েশন (সিবিএ) নির্বাচিত বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। শনিবার ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। একইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশ শ্রম আইন সংশোধনী অধ্যাদেশ-২০০৮ বাতিল ও বন্দরের সিবিএ কার্যালয়টি খুলে দেওয়ার দাবিও জানানো হয়। লিখিত বক্তব্যে সিবিএ'র সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লা বাহার বলেন, "বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম বন্দরের কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল জরুরি। ২০০৬ সালে নৌ মন্ত্রণালয়ের গঠিত কমিটি ইতোমধ্যে সরকারের কাছে স্বতন্ত্র বেতন স্কেলের সুপারিশ করেছে।" সাধারণ সম্পাদক বন্দর কর্মচারিদের জন্য শতকরা ৪৫ ভাগ বেতন ভাতা বাড়ানোর প্রস্তাবের পাশাপাশি ফ্রিঞ্জ বেনিফিট, সী পোর্ট ভাতা, কষ্ট অব লিভিং ভাতা, শিশু শিক্ষা ভাতা, রেষ্ট এণ্ড রিক্রিয়েশন ভাতা, টিফিন ও যানবাহন ভাতা বাড়ানোর দাবি জানান। পাশাপাশি নির্দিষ্ট নীতিমালায় বাসস্থান স্কীম প্রবর্তন, বিশেষজ্ঞ চিকিৎসা সাবসিডি চালু , কম্পিউটার ভাতা চালুর সুপারিশ করে সংবাদ সম্মেলনে বলা হয়, স্বতন্ত্র বেতন স্কেল কাঠামো বাস্তবায়ন হলে সামুদ্রিক বন্দরের দক্ষতা বাড়বে। সামুদ্রিক বন্দর সমগ্র বিশ্বে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। তাই বন্দরের জনবল কাম্য পর্যায়ে রেখে উৎপাদনশীলতা ও দক্ষতাকে টার্গেট করে বেতন কাঠামো বাড়ানো হলে অর্থনীতির ওপর এর ইতিবাচক প্রভাব সূচিত হবে। সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম খান, বন্দর সিবিএ'র সভাপতি শামসুল আলম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বন্দর সিবিএ নেতা হারুন অর রশীদ, শওকত ওসমান, মঞ্জুর আহমেদ, মারুফ আহমেদ উপস্থিত ছিলেন। বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এইচএ/১৫১০ঘ.