২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনা ও ছাদ ধ্বসে ৪ জনের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি ও কুড়িল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এছাড়া মালিবাগ এলাকায় একটি মার্কেটের ছাদের একাংশ ধ্বসে পড়ে শাহ ইমরান (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডি ও কুড়িল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এছাড়া মালিবাগ এলাকায় একটি মার্কেটের ছাদের একাংশ ধ্বসে পড়ে শাহ ইমরান (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ধানমন্ডি থানার সহ-পরিদর্শক আজহারুল ইসলাম জানান, শুক্রাবার বেলা পৌনে তিনটায় হাজি সিদ্দিকুর রহমান (৪৮) ধানমন্ডির ৮ নং সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সিদ্দিকুর রহমান রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে বাড্ডা থানার সহ-পরিদর্শক রহমান জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ফজলুল বারি খোকন (৪১) ও সাইফুল ইসলাম সবুজ (৩০) মোটরসাইকেলে করে কুড়িল প্রগতি স্বরণী দিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে তারা রাস্তার পাশে ছিটকে পড়েন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত খোকনের বাসা ১৬৯, মহাখালী ওয়ারলেস গেট এবং সবুজের বাসা ৩৮/২ খিলক্ষেত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে মালিবাগ আল আমিন সুপার মার্কেটের পাশে পাইকারি পণ্য সরবরাহ ব্যবসায়ী শাহ ইমরান ৪/৫ জন ব্যবসায়ীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৬ তলা মার্কেটের ছাদের একাংশ ধ্বসে পড়লে শাহ ইমরান এর নীচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রায় ১০ মিনিট পর তিনি মারা যান। এদিকে শাহ ইমরানের ২৫/৩০ জন আত্মীয়-স্বজন হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা চিকিৎসকের অবহেলার কারনে শাহ ইমরান মারা গেছেন- এই অভিযোগ করে চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২২০০ঘ.