ঝিনাইদহ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে শুক্রবার বিকেলে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় হামলার শিকার হয় পুলিশ।
আসামির ক্ষুরের আঘাতে আহত হন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় পুলিশের গুলিতে আসামি তাতারও জখম হয়েছেন। তিনি উপজেলার পুঠিমারী গ্রামের মন্টু মিয়ার ছেলে।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, ১৯৯৬ সালে জামিনে ছাড়া পাওয়ার পর হত্যার মামলার আসামি তাতার আত্মগোপান করেন। আদালত থেকে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।
তাতার ভাটই বাজারে আছেন- এ খবর পেয়ে বিকেল ৪টার দিকে সেখানকার পুলিশ ক্যাম্পের এএসআই জিয়াউর রহমান চার কনস্টেবলকে নিয়ে তাকে গ্রেপ্তার করতে যান। এ সময় তাতার ক্ষুর দিয়ে জিয়াউর রহমানের বুক পেটে আঘাত করে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পায়ে গুলি করে।
তাতারকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এসপি জাহাঙ্গীর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.
bdnews24