গাজীপুর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যানজট এড়াতে ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়েছে পরিবেশ আন্দোলন।
এ দাবিতে সংগঠনটির জেলা কমিটি বৃহস্পতিবার দুপুরে চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনের সময় পরিবেশ আন্দোলনের নেতারা বলেন, চান্দনা চৌরাস্তা দিয়ে দিনে-রাতে অন্তত: ৩৮টি রুটের অজস্র যানবাহন চলাচল করে। আধুনিক ট্রাফিক ব্যবস্থা না থাকায় এখানে যানজট লেগেই থাকে। প্রতিদিন যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন দূরপাল্লার যাত্রীরা। এ জন্য এখানে ফ্লাইওভার নির্মাণ জরুরি হয়ে পড়েছে বলে তারা মনে করেন।
এছাড়া এখানে ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বক্তারা অবিলম্বে ফ্লাইওভার ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24