২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভূমিহীনদের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ার চক এলাকায় ভূমিহীনদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। খাসজমিতে বসবাসকারী ভূমিহীনদের সমিতি থেকে বহিষ্কার করা কয়েকজন নেতা বৃহস্পতিবার তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

সাতক্ষীরা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়ার চক এলাকায় ভূমিহীনদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। খাসজমিতে বসবাসকারী ভূমিহীনদের সমিতি থেকে বহিষ্কার করা কয়েকজন নেতা বৃহস্পতিবার তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হামলাকারীরা বেশকিছু ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ করেছেন দেবহাটা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। তিনি জানান, সমিতির সহ সাধারণ সম্পাদক গোলাম হোসেন, নজরুল ইসলাম, ইয়ার আলী, আবুল হোসেন ও সিরাজুল ইসলামকে চাঁদাবাজিসহ নানা অভিযোগে বহিস্কার করার ঘটনায় তারা দলবল নিয়ে হামলা চালিয়েছে। আহতদের মধ্যে আব্দুস সালাম, ফজলু মোল্লা, বজলুর রহমান, নজরুল ইসলাম, মাজেদ ও সুফিয়া খাতুনকে দেবহাটার সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল অভিযোগ করেন, হামলাকারীরা টাকার বিনিময়ে ভূমিহীনদের জোর করে সরিয়ে দিয়ে অন্যদের ওই জমিতে বসাতে চায়। হামলার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) উপ-পরিদর্শক তাজউদ্দীন জানান, পরিস্থিতি এখন শান্ত থাকলেও নোড়ারচকে চাপা উত্তেজনা বিরাজ করছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। উভয়পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। এদিকে জেলার কালীগঞ্জের চিংড়িখালিতে ভূমিহীনদের ওপর হামলা, মারধর, অগ্নিসংযোগসহ নানা ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলা ভূমিহীন সমিতি সাতক্ষীরায় মিছিল-সমাবেশ করেছে। কৃষকনেতা সাইফুল্লাহ লস্কর, আবুল খায়ের, আলী নূর খান বাবুল এর নেতৃত্বে মিছিল শেষে ভূমিহীন সমিতি জেলা প্রশাসককে ১২ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.