বগুড়া, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুপ্রস্তাবে রাজি না হওয়া ও চাঁদা না দেওয়ায় বগুড়ার গোকুলে বুধবার এক মডেল কন্যাসহ তার পরিবারের সদস্যদের মারপিট করে বাড়ি থেকে উচ্ছেদ করেছে সন্ত্রাসীরা।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন মডেল রুমা, তার বোন আঙ্গুরি, বাবা আনিছুর রহমান, মা রুলি বেগম ও সৎ মা ফরিদা বেগম। কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন জানান, রুমার অবস্থা আশঙ্কাজনক।
রুলি বেগম জানান, গোকুল উত্তরপাড়ার সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী তার কন্যা রুমাকে কুপ্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় তাদের কাছে ত্রিশ হাজার টাকা চাঁদাদাবি করা হয়। কিন্তু এতেও সাড়া না দিলে আইয়ুব আলীর সহযোগিতায় স্থানীয় চেয়ারম্যান অ্যাডভোকেট সোলায়মান আলীসহ গত ১১ মার্চ বুধবার একটি গ্রাম্য সালিশ ডাকেন।
সালিশে সিদ্ধান্ত নেওয়া হয় যে, রুমা ও তার পরিবার অসামাজিক কাজে জড়িত রয়েছে। তাই ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে।
সালিশের এই সিদ্ধান্তের পর রুমার পরিবার পুলিশ সুপারিনটেনডেন্ট আকরাম হোসেনের সঙ্গে দেখা করে এ ব্যাপারে অভিযোগ করেন।
১৩ মার্চ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিচারসহ তারা তাদের নিরাপত্তা দাবি করেন।
পুলিশ পরে ঘটনাস্থলে যায় এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্য গ্রামবাসীদের বলে আসে। এক পর্যায়ে সকাল ৮ টায় তারা ৩০/৪০ জন মিলে বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক মারপিটসহ মালামাল লুট করে।
রুমার বোন আঙ্গুরি জানান, শুধু মারপিটই নয়, তাদের দুই বোনের সঙ্গে ঘটনার সময় অশালীন আচরণসহ বুক এবং শরীরের বিভিন্ন স্থানে লাথি মেরেছে তারা।
সদর থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম বলেন, "গত মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে আইয়ুব আলীসহ গ্রামবাসীকে বলে এসেছিলাম, আইন কেউ হাতে তুলে নেবেন না। যদি রুমার পরিবার অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় তাহলে বাড়ি ঘেরাও করে রেখে পুলিশকে খবর দিবেন। এরপরও এই সন্ত্রাসী হামলা চালানো হল।"
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
চেয়ারম্যান সোলায়মান আলী তাদের গ্রাম ছেড়ে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়ার কথা স্বীকার করেন। তবে অসামাজিক কোনো কর্মকাণ্ডের প্রমাণ তার কাছে রয়েছে কি না একথা জানতে চাইলে তিনি বলেন, তার কাছে প্রমাণ নেই। তবে তিনি শুনেছেন।
আইয়ুব আলী জানান, রুমাদের বাড়িতে বিভিন্ন ধরনের লোকজন যাতায়াত করত। গ্রামের মধ্যে এমন পরিবারকে থাকতে দেওয়া ঠিক না। তাই গ্রামবাসী তাদের উচ্ছেদ করেছে।
কিন্তু গ্রামবাসী রমেলা বেগম জানান, আইয়ুব আলীর কারণেই এই অমানবিক হামলা চালানো হয়েছে। এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩১৫ ঘ.
bdnews24