২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর অর্থ মামলার প্রতিবেদন ১৯ এপ্রিলের মধ্যে জমার নির্দেশ

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৯ এপ্রিলের মধ্যে দাখিল করতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৯ এপ্রিলের মধ্যে দাখিল করতে বলেছে আদালত। মামলাটি বুধবার বিকেলে এজাহার হিসেবে গ্রহণ করে এ তারিখ নির্ধারণ করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী। দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন কর্মকর্তা মো. আব্দুুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা না হলে সেদিন আবারও পরবর্তী তারিখ ধার্য করা হবে।" মঙ্গলবার দুদকের উপ-পরিচালক আবু সাইদ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কাফরুল থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে কোকোর বিরুদ্ধে প্রায় ২৯ লাখ সিঙ্গাপুর ডলার এবং প্রায় সাড়ে নয় লাখ মার্কিন ডলার সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়, ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে আরাফাত রহমান কোকো ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিদেশে পাচার করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০৯ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। অপরাধ প্রমাণিত হলে কোকোর সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। গ্যাটকোসহ কয়েকটি দুর্নীতির মামলার আসামি কোকো প্যারোলে মুক্তি নিয়ে ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এএল/টিআর/১৮৫৫ ঘ.