মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী শিক্ষাবর্ষ (২০১০ সাল) থেকে প্রাথমিকের মতো মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
পাঠ্যপুস্তক সঙ্কট মোকাবিলায় আগামী বছর থেকে জেলা পর্যায়েও বই ছাপানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খান হাবিবুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী বছর থেকে বিনামূল্যে বই দেওয়ার জন্য আমরা কাজ শুরু করছি।"
"যদি বিনামূল্যে বই দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এ মূহুর্তে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ সংগ্রহ করা সম্ভব নাও হতে পারে", উল্লেখ করে তিনি বলেন, "তাই আমরা স্থানীয় বাজার থেকে কাগজ সংগ্রহ করে বই ছাপার ব্যবস্থা করবো। এজন্য দেশি কাগজ কোম্পানির সঙ্গে যোগাযোগ করছি। যাচাই-বাছাই করা হচ্ছে তাদের কাগজের নমুনাও।"
বোর্ডের চেয়ারম্যান বলেন, কর্ণফুলী পেপার মিল থেকে শুরু করে বসুন্ধরা, টিকে গ্র"পসহ বড় বড় কাগজ মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তারা পর্যাপ্ত কাগজ সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে।
খান হাবিবুর রহমান বলেন, "বিনামূল্যে বই দেওয়ার বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। আমরা কেবল আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি।"
বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার ২০১০ সাল থেকে মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এ জন্য ২৮৩ কোটি টাকা লাগবে বলে হিসাব করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকেই এই অর্থ বরদ্দ সম্ভব বলে তখন মত দেওয়া হয়েছিল।
কিছুদিন আগে সাবেক শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই দেওয়ার বিষয়টি ঠিক হয়েই আছে। শুধু প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়া গেলে তা কার্যকর করা সম্ভব।
বর্তমানে মাধ্যমিক স্তরের বই বেসরকারি পর্যায়ে বাজারজাত করা হয়। তাই শিক্ষার্থীদের তা কিনতে হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, মাধ্যমিক স্তরে বই বিতরণ নিয়ে সব সময়েই নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়ে থাকে।
এছাড়া বেসরকারিভাবে বই বিক্রির কারণে এক শ্রেণীর প্রকাশক ও মুদ্রণকারী বেশি মুনাফার জন্য কৃত্রিম সঙ্কট তৈরি করে থাকেন বলে অভিযোগ রয়েছে।
এবারও মাধ্যমিক স্তরের পাঠ্যবই ছাপা নিয়ে তীব্র সঙ্কট দেখা দিলে গণমাধ্যমে ব্যাপক লেখালেখি শুরু হয়। আলোচনা হয় হয় জাতীয় সংসদেও। সঙ্কট মোকাবিলায় বাড়তি বই ছাপার পাশাপাশি টাস্কফোর্স গঠন করতে হয়।
রাজধানীর বাইরে জেলা পর্যায়ে বই ছাপানো প্রসঙ্গে এনসিটিবি'র চেয়ারম্যান খান হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী বছর থেকে যাতে বইয়ের সঙ্কট আর দেখা না দেয় সেজন্য আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই আগামী বছরের বই জেলা পর্যায়েও ছাপানোর চিন্তা-ভাবনা করা করা হচ্ছে।"
এজন্য জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, জেলায় কতগুলো প্রেস আছে এবং সেগুলো পাঠ্যবই ছাপার উপযোগী কিনা তা যাচাই করে দেখার জন্য এই চিঠি পাঠানো হচ্ছে। এরই মধ্যে কিছু জায়গার তথ্যও পাওয়া গেছে বলে তিনি জানান।
বর্তমানে বই ছাপানো হয় কেবল ঢাকায়।
এদিকে আগামী বছর থেকে প্রাথমিক স্তরের সব শিশুর হাতে নতুন বই দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান এনসিটিবির একজন কর্মকর্তা।
গত তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, আগামী বছর থেকে প্রাথমিক স্তরের সব শিশুর হাতে নতুন বই দেওয়া হবে। এ জন্য অতিরিক্ত ১১০ কোটি টাকা লাগবে বলে জানিয়েছিলেন তিনি।
বর্তমানে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন বই এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধেক নতুন এবং অর্ধেক পুরনো বই দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/১৬৫০ঘ.
bdnews24