২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দাতা গোষ্ঠীর সঙ্গে কথা হচ্ছে'

দেশে বিরাজমান বিদ্যুৎ সমস্যার জন্য বিগত চারদলীয় জোট সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশে বিরাজমান বিদ্যুৎ সমস্যার জন্য বিগত চারদলীয় জোট সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সমস্যা সমাধানে তার সরকারের আন্তরিকতা এবং উদ্যোগের বিষয়টি তুলে ধরে তিনি জানান, দেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য দাতা গোষ্ঠী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে কথা হচ্ছে সরকারের। ঢাকা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার তার কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ জানান, বিদ্যুত সমস্যা নিরসনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, "পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিষয়ে দাতা গোষ্ঠী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে কথা হচ্ছে।" মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল হাফিজ চৌধুরীর নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধিদলটি সকাল সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে যান এবং দুপুর দুইটা পর্যন্ত সেখানে ছিলেন। প্রেস সচিব বলেন, ব্যাবসায়ীরা বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তারা ওষুধ ও চামড়া শিল্পের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি তাদের সদস্যার কথা ধৈর্য ধরে শোনেন এবং ব্যবসায়ীদেরকে তাদের উৎপাদিত পণ্যের রপ্তানী বৃদ্ধির আহবান জানান। প্রধানমন্ত্রী এসময় বিদ্যুৎ সমস্যা সমাধানে বেসরকারী খাতে বিদ্যুত উৎপাদনের কথা বলেন। তিনি জানান, '৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বিদ্যুতের সদস্যা পেয়েছিলো। সেসময়ও আওয়ামী লীগ সরকার বিদ্যুত সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেয়। কিছু প্রকল্পও আওয়ামী লীগের সময় নেওয়া হয়েছিলো দাবি করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সে প্রকল্পগুলো আর চালু হয়নি। প্রতিবছর বিদ্যুতের চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধির নীতি বিগত আওয়ামী লীগ সরকারের সময় গৃহীত হলেও চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে সে নীতি আর অনুসরণ করেনিবলে তিনি অভিযোগ করেন। শেখ হাসিনা তার সরকারের আমলে বিভিন্ন ব্যাংক, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বেসরকারী খাতে ছেড়ে দেওয়ার কথাও বলেন। তিনি জানান, সৌর বিদ্যুৎ উৎপাদনে সোলার প্যানেলের ওপর থেকে ট্যাক্্র তুলে নেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলনে ওই এলাকায় বসবাসরত লোকজনের যেনো কোনোরকম ক্ষতি না হয় সেজন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। বিডিআরের সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। পরবর্তী প্রজন্মের সমৃদ্ধির জন্য ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের আমলে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য কারিগরি শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক ছিলো উল্লেখ করে শেখ হাসিনা জানান, আগামীতে ডিগ্রী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হবে। এরআগে সকালে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান স্টিফেন ফ্রোয়েন শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বিডিআরের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। ওই সমস্যার সমাধানে তিনি প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ। ছবিসহ ভোটার তালিকা তৈরীর জন্য সেনাবাহিনীর প্রশংসা করে শেখ হাসিনা এসময় বলেন, সেনাবাহিনী ছাড়া এই ছবিসহ ভোটার তালিকা তৈরী সম্ভব হতো না। এছাড়া নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পর্যবেক্ষক পাঠিয়ে সহায়তার জন্য প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। স্টিফেন ফ্রোয়েন বাংলাদেশে গণতন্ত্র সংহত করতে ইউ'র পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৭৩০ঘ.