ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ডায়রিয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) কর্মকর্তারা।
মঙ্গলবার আইসিডিডিআর,বি-এর গবেষক ও লঙ্গার স্টে ইউনিটের প্রধান ডা. শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
তিনি জানান, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ এ হাসপাতালে ৪১১ জন রোগী ভর্তি হয়েছে। সোমবার এই সংখ্যা ছিল ৭১৬ জন।
গত এক সপ্তাহের মধ্যে শনিবার এ হাসপাতালে সর্বোচ্চ ৮১১ জন রোগী ভর্তি হয় বলে জানান তিনি।
তিনি বলেন, "বেশিরভাগ রোগী বলেছে তারা ওয়াসার পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েন।"
তিনি আরো জানান, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়ার প্রকোপও বাড়ছে।
হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটের প্রধান ড. প্রদীপ কে বর্ধন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। খুব সম্ভবত পানিদূষণের কারণেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ।
আইসিডিডিআর,বি হাসপাতালে জানুয়ারি মাসে ৭ হাজার ৮৫ জন, ফেব্র"য়ারি মাসে ৭ হাজার ৯৪৯ জন এবং ১৬ মার্চ পর্যন্ত ৯ হাজার ২৩৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়।
তিনি বলেন, "আমরা রোগীদের জন্য বাড়তি বেডের ব্যবস্থা করেছি। পার্কিং এলাকায় তাবুর ব্যবস্থা করেছি।"
তিনি জানান, হাসপাতালের স্বাভাবিক ধারণ ক্ষমতা ৩৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আইসিডিডিআর,বি'র রোগীদের বাইরে আরো ৫২৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে একজন।
ডায়রিয়ায় আক্রান্ত ৮ হাজার ৭৬৬ জন গত সপ্তাহে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে। বর্তমানে গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/কিউএইচ/এইচএ/২১৪০ঘ.
bdnews24