বাগেরহাট, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারী উপজেলায় তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন আট পুলিশ সদস্য।
সোমবার রাত ৮টার দিকে চিতলমারী বাজার এলাকার বাড়ি থেকে আল মামুন সাগর (২৫) নামে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তারকে করতে গেলে তার বাবা-মা পুলিশের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এছাড়া অন্তত পাঁচ পুলিশকে হাত-পায়ে কামড় দিয়ে জখম করেন।
হামলা সত্বেও পুলিশ কিছু গাঁজাসহ সাগরকে গ্রেপ্তার করেছে। বাগেরহাটের পুলিশ সুপার আওলাদ আলী ফকির রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- চিতলমারী থানার উপ-পরিদর্শক শেখ হেলাল উদ্দিন, উপ-পরিদর্শক লোকমান হোসেন, পুলিশ কনস্টেবল কামরুল, জাকির, আরিফ, মোস্তফা, আজিজ ও মতিয়ার। এদের মধ্যে মোস্তফা ও আজিজকে চিতলমারী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, সাগর জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চিতলমারী থানায় চাঁদাবাজি, সন্ত্রাস সৃষ্টি, অপহরণ ও অস্ত্র আইনসহ বিভিন্ন আইনে অন্তত দশটি মামলা রয়েছে।
সোমবারের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাগর এবং তার বাবা শেখ বেল্লাল হোসেন ও মা মাজেদা বেগম জোৎস্নার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হয়েছে সাগরের বিরুদ্ধে।
মাজেদা বেগম জোৎস্না স্থানীয় ফয়েজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, চলতি বছরের ২৭ ফেব্র"য়ারি সাগর ও তার তিন সহযোগী চিতলমারী উপজেলা কমপ্লেক্সের নির্মাণ কাজের ঠিকাদার মেসার্স রফিক এন্টারপ্রাইজের কাছ থেকে ১৬ হাজার টাকা চাঁদা নেয়।
ওসি জানান, চাঁদাবাজির ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের জন্য পুলিশ সোমবার সাগরের বাড়ি ঘেরাও করলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২০ ঘ.
bdnews24