ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়নে মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে এ অঞ্চলের দেশগুলোর রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিবদের তিনদিনের সম্মেলন।
রাজধানীর সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে আফগানিস্তান, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
আগামী ১৯ মার্চ সম্মেলন শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অধ্যাপক এম এস আকবর।
সম্মেলনে সোসাইটির দক্ষিণ এশীয় প্রতিনিধি আল পানিকো, আন্তর্জাতিক রেডক্রসের ঢাকা মিশনের প্রতিনিধি ফিন রুডা ও বাংলাদেশ রেডক্রিন্সেটের মহাসচিব এ শফিউল আলম বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আবদুর রাজ্জাক বলেন,''প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ত্রাণ সহায়তার পরিবর্তে জনগোষ্ঠীর উন্নয়ন ঘটাতে হবে। দারিদ্য দূরীকরণের মাধ্যমে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার কৌশল গ্রহণ করতে হবে।''
এ ব্যাপারে সকলের প্রতি তিনি সমন্বিত উদ্যোগ নেওয়ার আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/এইচএ/১৮৫৩ঘ.
bdnews24