গাজীপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার সকালে বাস চাপায় বাবুল খন্দকার (৩২) নামে স্থানীয় এক পোশাক কর্মী মারা গেছেন।
এ ঘটনায় তার সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে বাসটি আগুন ধরিয়ে দেয়। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। ফলে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তারা জানান, সকাল পৌনে ৮টার দিকে স্থানীয় গোন্ডেন রিফিট গার্মেন্টসের ইলেকট্রিক শাখার সুপারভাইজার বাবুল খন্দকার কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুঘটনার পর বাস রেখে চালক পালিয়ে যায়।
এ খবর গোল্ডেন রিফিটে বাবুলের সহকর্মীদের কাছে পৌঁছালে তারা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে। উত্তেজিত শ্রমিকরা বাসটি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল ৯টা থেকে আবার যানবাহন চলাচল শুরু হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের ভাই দেলোয়ার হোসেন মামলা করেছেন।
দেলোয়ার জানান, তাদের বাড়ি বরিশালের নলছিটিতে। স্ত্রী ও দুই ছেলে নিয়ে বাবুল খন্দকার স্থানীয় শিরিরচালা এলাকায় থাকতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩০ ঘ.
bdnews24