২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলে দেওয়া হয়েছে বসুন্ধরা

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইদিন বন্ধ থাকার পর বসুন্ধরা সিটি শপিং মল সোমবার খুলে দেওয়া হয়েছে। এদিকে সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান যুগ্মসচিব (পুলিশ) ইকবাল হোসেন চৌধুরি সোমবার বলেছেন, "আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইদিন বন্ধ থাকার পর বসুন্ধরা সিটি শপিং মল সোমবার খুলে দেওয়া হয়েছে। এদিকে সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান যুগ্মসচিব (পুলিশ) ইকবাল হোসেন চৌধুরি সোমবার বলেছেন, "আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে।" তিনি জানান, বিশেষজ্ঞদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলা হচ্ছে। তাদের মতামত নেওয়া হচ্ছে। নতুন কোনো তথ্য নেই বলে তিনি সাংবাদিকদের জানান। বেলা আড়াইটার দিকে তদন্ত কমিটির সদস্যরা বসুন্ধরা সিটিতে আসেন এবং সাক্ষ্য গ্রহণ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। বেলা সাড়ে ১১টার দিকে দমকল বাহিনীর মহা পরিচালক আবু নাইম মো. শাহিদুল্লাহ বসুন্ধরা সিটিতে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন শেষে বেলা ৩টার দিকে বের হয়ে যান। অবশ্য তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। এর আগে সকাল ১০টায় দোকানপাট খোলা হয় বলে শপিং মলের দোকান-মালিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, "এখানে মোট দোকানের সংখ্যা দুই হাজার ৩ শ' ৫৬ টি। এর মধ্যে সোমবার দুই হাজারের মতো দোকান খুলেছে। খোলার আগে আমরা পুরো শপিং মল চেক করে দেখেছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। শপিং মল সম্পূর্ন নিরাপদ।'' এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, "বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার বাইরে বাড়তি নিরাপত্তার প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়ে মঙ্গলবার বসুন্ধরা গ্র"পের কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করব।" বসুন্ধরা গ্র"পের সিকিউরিটি সুপারাভাইজার মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে নয়টায় শপিং মল খুলে দেওয়া হয়। শপিং মলের প্রথম তলায় অবস্থিত প্রাইম কালেকশন'র এক কর্মচারি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শপিং মলে ক্রেতারা আসছেন। তবে দর্শনার্থীর সংখ্যাই বেশি।" বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থায় তারা লাইন ধরে শপিং মলে প্রবেশ করেন। শুক্রবার দুপুরে বসুন্ধরা সিটি শপিং মলের পাশে কর্পোরেট শাখার কমপ্লেক্সে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১৬ তলা থেকে ২০ তলা পর্যন্ত ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়। সেসময় থেকে শপিং মলটি বন্ধ রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসএম/এলএইচ/এইচএ/২২১০ঘ.