২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু লোক জড়িতদের বাঁচানোর চেষ্টা করছে: ফারুক খান

বিডিআর বিদ্রোহে জঙ্গিদের পাশাপাশি আরো কিছু লোক জড়িত এবং এরা ঘটনায় জড়িতদের বাঁচানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ঘটনা তদন্তে গঠিত কমিটিগুলোর সমন্বয়কারী বাণিজ্যমন্ত্রী ফারুক খান। সোমবার সকালে মন্ত্রণালয়ে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং সমিতির এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 07:18 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে জঙ্গিদের পাশাপাশি আরো কিছু লোক জড়িত এবং এরা ঘটনায় জড়িতদের বাঁচানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন ঘটনা তদন্তে গঠিত কমিটিগুলোর সমন্বয়কারী বাণিজ্যমন্ত্রী ফারুক খান। সোমবার সকালে মন্ত্রণালয়ে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং সমিতির এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা জানান। এর আগে বৃহস্পতিবার তিনি জানান, বিডিআর বিদ্রোহে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সম্পৃক্ততা পাওয়া গেছে। সোমবার বাণিজ্যমন্ত্রী বলেন, "বিডিআর ঘটনার সঙ্গে জঙ্গিদের জড়িত থাকার পাশাপাশি আরো কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এসব ব্যক্তি বিদ্রোহের ঘটনায় জড়িতদের সহযোগিতার (বাঁচানোর) চেষ্টা করছে।" বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ব্যক্তিদের কারা সহযোগিতা করছে জানতে চাইলে তিনি বলেন, "তদন্তের স্বার্থে এ মুহূর্তে কিছু বলা ঠিক হবে না।" তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত পেশ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, "সদর দপ্তর ও সারাদেশে বিডিআরের অবস্থা স্বাভাবিক হয়ে আসছে। সীমান্তে টহল হচ্ছে।" কিছু কিছু বিডিআর সদস্য এখনও পলাতক রয়েছে জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, "কিছু সদস্য অস্ত্র ও গ্রেনেডসহ পালিয়ে গেছে। তারা দেশ, জাতি ও সমাজের জন্য হুমকিস্বরূপ।" এসব সদস্যদের অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে আসার আহ্বান জানান তিনি। ফারুক খান বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, নিরপরাধ কোন বিডিআর সদস্যকে হয়রানি বা শাস্তি দেওয়া হবে না। শুধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এজে/জিএনএ/১৩১৯ ঘ.