২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় দুটি সার কারখানায় গ্যাস বন্ধ হচ্ছে

সঙ্কট মোকাবেলায় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য পলাশ ও ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একই সঙ্গে রাত ৮টার বদলে সন্ধ্যা ৭টায় দোকান-পাট বন্ধ করার নিয়ম করার কথা ভাবছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সঙ্কট মোকাবেলায় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য পলাশ ও ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একই সঙ্গে রাত ৮টার বদলে সন্ধ্যা ৭টায় দোকান-পাট বন্ধ করার নিয়ম করার কথা ভাবছে। নাম না প্রকাশের শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, পলাশ ও ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করা হলে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ৪৫ থেকে ৪৯ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। সোমবার বা মঙ্গলবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে তিনি জানান। এদিকে সকালে মন্ত্রণালয়ের এক বৈঠকে প্রতিদিন জ্বালানি ও গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ করারও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আমরা সন্ধ্যা ৭টায় দোকান-পাট বন্ধ করে দেওয়ার চিন্তা-ভাবনা করছি। তবে এখনো এটি ওই পর্যায়েই আছে।" প্রতিমন্ত্রী বলেন, "সেচের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমরা গত তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া ব্যবস্থার ওপর ভিত্তি করে ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুতের ঘাটতি মোকাবেলার চেষ্টা করছি। সবগুলো বিভাগীয় শহরের অবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে।" মন্ত্রণালয়ের নিজস্ব একটি মনিটরিং সেলও রয়েছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আমরা মনে করি বোরো উৎপাদন ব্যাহত হবে না, কারণ আমরা শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে সেচের কাজে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।" তিনি বলেন, বিদ্যুৎ সঙ্কটের কারণে সেচ ব্যাহত হচ্ছে একথা ঠিক নয়। শামসুল হক বলেন, "এই বিদ্যুৎ সঙ্কট মোকাবেলা করতে আমাদের অন্তত এক বছর সময় লাগবে।" মন্ত্রণালয়ের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, "আমরা প্রতিদিন বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে আলোচনা করবো। আমরা খুব সতর্কতার সঙ্গে ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছি।" বিদ্যুৎ সঙ্কটের কারণে ওয়াসা রাজধানীতে ঠিকমতো পানি সরবরাহ করতে পারছে না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এ কথার পেছনে কতোটুকু সত্যতা আছে তা খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "আমরা অন্যান্য খাতে সরবরাহ কমিয়ে বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি।" বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, রোববার ৪৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে সর্বোচ্চ উৎপাদন ধরা হয়েছিল ৩৬০০ মেগাওয়াট। তাই এলাকায় এলাকায় ভাগ-বাটোয়ারা করে ৮৭০ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ করার কথা। মেরামত ও রক্ষণাবেক্ষণের কারণে ৬০১ মেগাওয়াট এবং গ্যাস স্বল্পতার কারণে ৪৯৩ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/কিউএইচ/টিআর/২১৩৭ঘ.