ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আগামী ১১ জুন সংসদে ২০০৯-১০ অর্থবছরের বাজেট পেশ করা হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার শওকত আলী।
কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের পর রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান শওকত আলী।
তিনি জানান, কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে দু'টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর যেকোনো একটি কার্যকর হবে।
শওকত আলী বলেন, "প্রথম সিদ্ধান্ত অনুযায়ী সংসদ অধিবেশন আগামী ২৩/২৪ মার্চ পর্যন্ত চলবে। তারপর, সংসদ মুলতবি করে দেওয়া হবে এবং ৬০ দিনের মধ্যে আগামী ২২ মে পুনরায় সংসদ অধিবেশন শুরু হবে। সেটাই হবে - বাজেট অধিবেশন।"
দ্বিতীয় সিদ্ধান্তের বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, "আগামী ২২/২৩ তারিখ (মার্চ) পর্যন্ত অধিবেশন চলবে। তারপর সংক্ষিপ্ত ৫/৬ দিনের মুলতবির পর অধিবেশন আবার শুরু হবে এবং তা এপ্রিল মাসের ৭/৮ তারিখ পর্যন্ত চলবে। তারপর জুনের প্রথম সপ্তাহে বাজেট অধিবেশন শুরু হবে।"
ডেপুটি স্পিকার জানান, স্পিকার আব্দুল হামিদকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
শওকত আলী আরো জানান, কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজ থাকায় তিনি আসতে পারেননি।
এ প্রসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর সাথে আলাপ করারও একটা ব্যাপার আছে।"
রোববার বিকেল সাড়ে তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত কার্যউপদেষ্ঠা কমিটির বৈঠটি চলে।
এর আগে গত ৫ মার্চ জাতীয় সংসদের অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়।
তবে প্রথম অধিবেশন কতো দিন চলবে সে বিষয়ে তখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বাড়ানো প্রসঙ্গে গত ৫ মার্চ স্পিকার আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "আগামী জুনে বাজেট সেশনের আগে আরো একটি সংসদ অধিবেশন যেন না হয় সেজন্য এই অধিবেশনের সময়সীমা বাড়ানোর চিন্তাভাবনা চলছে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কার্যউপদেষ্টা কমিটি।"
২৫ জানুয়ারি এই অধিবেশন শুরুর পর ২৮ জানুয়ারি কার্যউপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই অধিবেশন ফেব্র"য়ারি মাসের শেষ কর্মদিবস পর্যন্ত চলবে। গত ২৬ ফেব্র"য়ারি কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক থেকে এই অধিবেশনের সময়সীমা ১২ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।
সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে বলা আছে, 'সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না।'
এ পর্যন্ত সংসদের ২৭টি কার্যদিবস হয়েছে এবং ২৮ কার্যদিবস চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসইউএম/কেআরসি/পিসি/এইচএ/১৮০১ঘ.
bdnews24