ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলায় শুক্রবার রাতে দু'টি পৃথক অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ঘর পুড়ে গেছে। এছাড়া বগুড়ায় বিআরটিসি বাস ডিপোতে শনিবার বিকেলে একটি বাস পুড়ে গেছে।
আমাদের ভোলা প্রতিনিধি জানান, দু'টি পৃথক অগ্নিকাণ্ডে শুক্রবার রাতে ভোলায় শতাধিক দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী ও দমকল সূত্রে জানা গেছে।
ভোলা সদরের জংশন বাজার এবং তজুমদ্দিন উপজেলার সেলিম বাজারে এ দু'টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জংশন বাজারের ব্যবসায়ীরা জানান, রাত ২টার দিকে আগুন লাগে। এতে আব্দুল মান্নান, অলিউল্যাহ, আব্দুর রহিম মাতাব্বর, মো. সাগর, আজিজ মাস্টার, হোসেন ফরাজী, নোমান, রুহুল আমিন, সামছুল হক মাস্টার, নুরুল হুদা ও দুলালের দোকান ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে ভোলা জেলা সদর থেকে দমকল বাহিনী এসে ব্যবসায়ীদের সহযোগিতায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।
ভোলা দমকল অফিসের স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
একই রাতে তজুমদ্দিন উপজেলার চর জহির উদ্দিনের সেলিম বাজারের অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ঘর পুড়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রফিকুল ইসলামের অনুমান এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
বগুড়া প্রতিনিধি জানান, শহরের বিআরটিসি বাস ডিপোতে শনিবার আগুন লেগে একটি বাস পুড়ে গেছে।
ডিপোর ব্যবস্থাপক আলমাস হোসেন জানান, বিকেল ৫টায় বগুড়া-খুলনা রুটের একটি বাস বগুড়া ডিপোতে পৌছার কিছুক্ষণ পর মেরামতের জন্য ডিপোর ওয়ার্কসপে নেওয়া হয়। মেরামতকাীরা ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে একসময় পুরো বাসটি পুড়ে যায়।
খবর পেয়ে দমকলের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
আলমাস হোসেন বলেন, "এটি একটি নিছক দুর্ঘটনা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩০০ঘ.
bdnews24