২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা আটক করে তা নিলামে বিক্রি করে দিল র‌্যাব

বাজারে বিক্রি নিষিদ্ধ হলেও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি থেকে আটক করা এক হাজার ৬৫ কেজি জাটকা মাছ নিলাম ডেকে বেচে দেয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে বিক্রি নিষিদ্ধ হলেও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি থেকে আটক করা এক হাজার ৬৫ কেজি জাটকা মাছ নিলাম ডেকে বেচে দেয়। (আরো তথ্যসহ) যাত্রাবাড়ি মাছের আড়ত থেকে র‌্যাব ওই জাটকা আটক করেছিল। ৯ ইঞ্চির ছোটো ইলিশ মাছকে জাটকা বলা হয়। আগের তুলনায় ক্রমশ বিরল হয়ে আসা এ জাতীয় মাছকে সম্পূর্ণ বেড়ে ওঠার সুযোগ দিতে সরকারিভাবে জাটকা ধরা নিষিদ্ধ। আটকের পরপরই র‌্যাব নিলামে এক লাখের কিছু বেশি দামে ওই জাটকা বিক্রি করে দিয়েছে। র‌্যাব -১০ এর সিনিয়র সহকারি পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বেশ কয়েকদিন অনুসন্ধান চালিয়ে' জাটকা মজুদের বিষয়ে নিশ্চিত হওয়ার পর শনিবার সকালে আড়তে অভিযান চালিয়ে ১ হাজার ৬৫ কেজি মাছ আটক করা হয়। খোদ রাজধানীসহ সারা দেশের বাজারগুলোতে প্রায়ই প্রকাশ্যে জাটকা বিক্রি হতে দেখা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকের পর মাছগুলো ধলপুর র‌্যাব ক্যাম্পে নিয়ে প্রকাশ্যে নিলামে ১ লাখ ৬ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়। পরে টাকা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। নিলামের মাধ্যমে কেনা জাটকাগুলোর সঙ্গে মিশিয়ে বা ওই কাগজ দেখিয়ে আগামীতে আরো অবৈধ জাটকা বিক্রি করার সম্ভাবনা বিষয়ে র‌্যাব ১০ এর অধিনায়ক এস এম কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবগুলো মাছের সংখ্যাসহ নিলামের কাগজ রয়েছে। তাই অতিরিক্ত মাছ মিশিয়ে বিক্রির সম্ভাবনা কম।" তিনি বলেন, "এতগুলো মাছ নষ্ট না করে সরকারি তহবিলে দেওয়ার কথা ভেবেই এগুলো নিলামে বিক্রি করা হয়েছে।" মৎস্য দপ্তরের কর্মকর্তারাই নিলামে মাছ বিক্রির ব্যবস্থা করেছেন জানিয়ে কামাল হোসেন বলেন, র‌্যাব শুধুমাত্র তাদের সহায়তা করেছে। র‌্যাব ১০ এর অপারেশন অফিসার হুমায়ুন কবির জানান, মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন আহম্মেদ উপস্থিত থেকে নিলামের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, "আমার জানামতে মাছ বিক্রির জন্যে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। তাই তারাই বিক্রি করতে পারেন।" রাতে মন্তব্যের জন্য মৎস্য কর্মকর্তা নাজিমউদ্দিন আহম্মেদের মোবাইলে যোগাযোগ করা হলে বার বার রিং হলেও তিনি ফোন ধরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/ এসকে/২১০৬ঘ.