২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় একই পরিবারের তিনজনসহ সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৮

সড়ক দুর্ঘটনায় খুলনায় একই পরিবারের তিনজনসহ চারজন, সিরাজগঞ্জের উপজেলা খাদ্য কর্মকর্তাসহ দুজন এবং বাগেরহাটে দুজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সড়ক দুর্ঘটনায় খুলনায় একই পরিবারের তিনজনসহ চারজন, সিরাজগঞ্জের উপজেলা খাদ্য কর্মকর্তাসহ দুজন এবং বাগেরহাটে দুজন মারা গেছেন। শনিবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ মারা যান চারজন। সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকায় ট্রাক চাপায় মারা যান শাহজাদপুর উপজেলা খাদ্য কর্মকর্তা ও তার সঙ্গী। বাগেরহাট-খুলনা সড়কের বকুলতলা নামক স্থানে বিকেলে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের অজ্ঞাত পরিচয় দুই আরোহী নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: ডুমুরিয়ার আঠারোমাইল নামক স্থানে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন উপজেলার কাঞ্চনপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী আমিনা বেগম (২৩), মেয়ে সীমা (৬) ও মা জোহরা খাতুন (৪৮) এবং সাতক্ষীরার তালা উপজেলার হরিদাসকাটি গ্রামের রামপদ। রামপদ ট্রাক চালকের সহকারী ছিলেন। খুলনার সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, কাঞ্চনপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী, কন্যা ও মাসহ পরিবারের সদস্যরা বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সাতক্ষীরাগামী একটি ইট বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ড-৩৮৫৭) সামনের দ্ইু চাকা পাংচার হয়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শফিকুল ইসলামের পরিবারের সদস্যদের চাপা দেয়। ঘটনাস্থলে তসলিমা, সীমা, জোহরা খাতুন এবং চালকের সহকারী রামপদ মারা যান। সহকারী পুলিশ সুপার জানান, শফিকুল ইসলামের ছেলে জিমকে (৮) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। চালক পালিয়ে গেছেন। সিরাজগঞ্জ: দুপুর ১টার দিকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের ষোলমাইল নামক স্থানে ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী সাইদুল ইসলাম (৩০) মারা যান। আহত হন শাহজাদপুর উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী (৪৫)। পরে পার্শ্ববর্তী চান্দাইকোন ক্লিনিকে ভর্তির পরপরই তার মৃত্যু হয়। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার কর্মকর্তা মেহেদী ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। বাগেরহাট: বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান জানান, বাগেরহাটের দিকে যাওয়ার সময় উপজেলার বকুলতলা নামক স্থানে মোটরসাইকেলটির (বাগেরহাট-হ ১১-২৫৪৯) সঙ্গে খুলনাগামী আগমনী ট্রান্সপোর্টের একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি জানান, ঘটনাস্থলেই মারা যান মোটারসাইকেলের অজ্ঞাত পরিচয় দুই আরোহী। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাকটি পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.