২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটির দ্বিতীয় বৈঠক: আবার জঙ্গি সংশ্লিষ্টতার কথা বললেন ফারুক খান

বিডিআরের ঘটনার তদন্ত কার্যক্রম সমন্বয়ের জন্য গঠিত কমিটির দ্বিতীয় বৈঠকের পর বাণিজ্য মন্ত্রী ফারুক খান শনিবার আবার ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার ইঙ্গিত দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 01:02 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআরের ঘটনার তদন্ত কার্যক্রম সমন্বয়ের জন্য গঠিত কমিটির দ্বিতীয় বৈঠকের পর বাণিজ্য মন্ত্রী ফারুক খান শনিবার আবার ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার ইঙ্গিত দিলেন। পিলখানার সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন " তদন্ত সঠিক খাতে প্রবাহিত হচ্ছে। বেশ অগ্রগতি হয়েছে। সেদিনের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার কিছু প্রমাণ পেয়েছি।" তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে এ নিয়ে কিছু মন্তব্য করা নিয়ে পর্যবেক্ষক মহলে চলমান সমালোচনার মধ্যেই বাণিজ্যমন্ত্রী একথা বললেন। জড়িতদের শাস্তি দেওয়ার কাজ যেন কোনভাবেই ব্যাহত না হয় সে ব্যাপারে সকলে সহযোগিতা চেয়ে সমন্বয়ের দায়িত্ব পাওয়া ফারুক খান বলেন, "মোবাইল, লিফলেটের মাধ্যমে কিছু গুজব রটানো হচ্ছে। এগুলোতে কান না দিয়ে রটনাকারীদের সনাক্ত করতে সকলে মিলে সাহায্য করুন।" তদন্তকাজ প্রভাবিত হতে পারে এ আশঙ্কা প্রকাশ করে সরকারের মুখপাত্র স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার বলেন, আগেই সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করবে না। এর কিছু সময় আগেই জেএমবি-র সম্ভাব্য সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছিলেন ফারুক খান। শনিবারের ব্রিফিংয়ে ঘটনার মোটিভ সম্পর্কেও তার মত দেন ফারুক খান। তিনি বলেন, "সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে এর ভাবমূর্তি নষ্ট করতে সর্বোপরি দেশে গৃহযুদ্ধ লাগানোর উদ্দ্যেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছিল। তারা মনে করেছিল সেনাবাহিনীকে হত্যা করার পর সেনাবাহিনী পাল্টা হামলা চালাবে এবং দেশে গৃহযুদ্ধ লাগবে। কিন্তু প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবেলা করেছেন।" পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের পর ঘটনা তদন্তে গঠিত বিভিন্ন কমিটির কাজ সমন্বয় করার জন্য গঠিত এ উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠক হয়েছিল ১০ মার্চ। বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, শনিবারের বৈঠকে ডিএনএ রিপোর্ট ছাড়া আর কোন মৃতদেহ কারো কাছে হস্তান্তর করা হবেনা বলে সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে কর্তৃপক্ষের কাছে তিনটি মৃতদেহ সংরক্ষিত আছে। আর দুই সেনা কর্মকর্তা এখনো নিখোঁজ বলে মন্ত্রী জানান। সঠিক তদন্তের নিশ্চয়তা দিয়ে ফারুক খান বলেন, "বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতাকে হত্যা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা এবং ২১ আগস্ট গ্রেনেড ছুড়ে শেখ হাসিনা হত্যার চেষ্টার ঘটনার তদন্ত সঠিক ভাবে হয়নি। এবার এটা হবে না।" বাণিজ্যমন্ত্রী জানান, বিডিআরের নাম পরিবর্তন করে বাহিনীটি নতুন করে গড়ে তোলার ব্যাপারে সমন্বয় কমিটির সভায় বেশ কিছু সিদ্ধান্তও হয়েছে। এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ড প্রসঙ্গে সমন্বয়কারী জানান, তারা বাংলাদেশকে এই ঘটনা তদন্তের কাজে আধুনিক প্রযুক্তি দেবে এবং আগামীতেও কাজ করবে । কিছু বিডিআর জোয়ান অস্ত্র ও গোলাবারুদ, বিশেষ করে পিস্তল নিয়ে পালিয়ে গেছে জানিয়ে ফারুক খান তাদের ধরতে সবার সাহায্য চান। পলাতকদের জিনিষপত্র অন্য কারো কাছে পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাবধান করে দেন মন্ত্রী। মন্ত্রী জানান, শনিবারের সাড়ে ৩ ঘন্টার বৈঠকে বিডিআরের সৈনিক, গোলাবারুদ এবং হতাহতের ব্যাপারেও বিশদ আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৮৪৯ঘ.