জামালপুর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত মোড়ে শুক্রবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেটে ঢুকে পড়ে। এতে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়।
নিহতরা হচ্ছে জামালপুর সদরের পুগলই গ্রামের উজ্জল (২০) ও উজ্জল মিয়া (৩২) এবং রামনগর গ্রামের জুলহাস (৩০)।
সদর থানার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, শুক্রবার রাত আড়াইটায় জামালপুরের মাদারগঞ্জ থেকে ঢাকাগামী রাজিব সার্ভিসের একটি যাত্রীবাহী বাস (নং ঢাকা মেট্রো-ব-১১-০৬০৪) দিগপাইত মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মার্কেটের ভিতর ঢুকে পড়ে। এ সময় বাসের জন্য অপেক্ষমান যাত্রীরা চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন এবং জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার সময় আরো একজনের মৃত্যু হয়।
তিনি জানান, বাসের ধাক্কায় মার্কেটের চারটি দোকানে ক্ষতিগ্রস্ত এবং কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৫২৩ ঘ.
bdnews24