২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জামায়াতে ইসলামী সমর্থক ছাত্রশিবির নেতা নিহত এবং উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার জের ধরে শুক্রবার বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 08:09 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

রাজশাহী, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জামায়াতে ইসলামী সমর্থক ছাত্রশিবির নেতা নিহত এবং উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার জের ধরে শুক্রবার বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদের বিকেল ৫টা এবং ছাত্রীদের আগামীকাল সকাল ১০ টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। প্রয়োজনে ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় পরিবহনের ব্যবস্থা করবে।" তিনি জানান, দুপুর ১২ টার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে এ সব সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতির বিষয়ে জানার জন্য উপাচার্য ও প্রক্টরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে। সংঘর্ষে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত হয়েছেন। ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নোমানী মারা যান বলে রাজশাহী মহানগর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। দুপুর আড়াইটার দিকে শিবির ক্যাডাররা সৈয়দ আমীর আলী ও জিয়াউর রহমান হলে ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে আমীর আলী হলের শিক্ষার্থী খোরশেদ আলম জানান। তিনি জানান, হামলায় ৩/৪ জন ছাত্র আহত হয়েছেন। তবে তিনি তাদের নাম জানাতে পারেননি। সংঘর্ষে এখন পর্যন্ত শিবির নেতা নোমানী নিহত এবং উভয়পক্ষে অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে পুলিশ জানায়। এর আগে ছাত্র শিবিরের পাঁচশ থেকে সাতশ কর্মী শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরো দখল করে নিয়েছে বলে অভিযোগ করে সরকার সমর্থক ছাত্রলীগ। শিবির কর্মীরা হলের তালা ভেঙ্গে ছাত্রলীগ কর্মীদের কক্ষ ভাঙচুর করেছে বলেও অভিযোগ করেছে তারা। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের পাশ দিয়ে কয়েকজন সাংবাদিক যাওয়ার সময় হলের চারতলা থেকে শিবির কর্মীরা ইট পাটিকেল নিক্ষেপ করে। এতে দুই সাংবাদিক সামান্য আহত হন। ক্যাম্পাস দখলে নিয়ে সাংবাদিকদেরও বের করে দিয়েছে তারা । রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার সকালে জামায়াতে ইসলামী সমর্থক ইসলামী ছাত্র শিবির কর্মীদের সঙ্গে সরকার সমর্থক ছাত্রলীগ ও স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষে পুলিশ সহ ৮/১০ জন আহত হয়। এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ বিশ্ববিদ্যালয়ের হলে হলে তল্লাশি চালিয়ে ৬৮ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করে। সকালের ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক বন্ধ রয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের নেতাকর্মীর ওপর হামলা, তাদের কক্ষ লুটপাট, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের বিশ্ববদ্যিালয় শাখার সভাপতি ইব্রাহিম হোসেন মুন বাদী হয়ে ১৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চারশ থেকে পাঁচশ জন শিবির কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।" পুলিশ জানায়, এদের মধ্যে মহানগর জামায়াত নেতা এমাজউদ্দীন মণ্ডল, শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দোলোয়ার হোসেন সাঈদী এবং সাধারন সম্পাদক শরীফুজ্জামান নোমানীর নাম রয়েছে। বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের হামলায় ছাত্রলীগ নেতাকর্মী আহত হওয়ার পর মামলাটি করা হয়। মামলার সুত্র ধরে বৃহস্পতিবার রাত দুটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত পুলিশ বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ শামসুজ্জোহা, শেরে বাংলা এ কে ফজলুল হক, নওয়াব আব্দুল লতিফ ও বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং পার্শ্ববর্তী মেহেরচণ্ডী এলাকার গোধুলী ছাত্রাবাস ও বিনোদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনে তল্লাশি চালিয়ে ৬৮ জন শিবির কর্মীকে আটক করে। তল্লাশির পরপরই শহীদ সোহরাওয়ার্দী এবং শহীদ শামসুজ্জোহা হলের শিবির কর্মীরা ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালালে ৬/৭ জন ছাত্রলীগ কর্মী আহত হয়। এ ঘটনার পরপরই এ ছয়টি হলে তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সকাল নয়টার দিকে বিনোদপুর এলাকার এক ব্যবসায়ীর উপর হামলা চালানোর পর ব্যবসায়ী ও ছাত্রলীগ কর্মীরা মিলে ছাত্র শিবির কর্মীদের ওপর হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল মহিরুল সহ ৮/১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ব্যবসায়ী রবির অবস্থা আশঙ্কাজনক। পরে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসি/এফএফ/জিএনএ/এমএসবি/১৪০৯ ঘ.