২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহে সন্দেহভাজন আরো তিন জন রিমাণ্ডে

পিলখানায় বিডিআর বিদ্রোহ পরিকল্পনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার নতুন করে আরো তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 05:26 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর বিদ্রোহ পরিকল্পনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার নতুন করে আরো তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পনায় যুক্ত সন্দেহে ৫৪ ধারায় গ্রেপ্তার করা অবসরপ্রাপ্ত বিডিআর সুবেদার হাজী তোরাব আলী এবং প্রাইম কোচিং সেন্টারের মালিক জাকির হোসেনকে দুই দিনের রিমান্ড আদেশ দেন আদালত। এছাড়া ওই বিদ্রোহের সময় বিডিআর এর পক্ষে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে জনৈক মিজানুর রহমানকে তিন দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়। তার পরিচয় জানা যায়নি। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মোয়াজ্জেম হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় এ আদেশ দেন। হাজী তোরাব আলী ও জাকির হোসেনকে গ্রেপ্তার করে হাজারিবাগ থানা পুলিশ। অন্যদিকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার তোরাব আলী ও জাকির হোসেনকে আদালতে হাজির করেন হাজারিবাগ থানার উপ-পরিদর্শক কাজী রবিউল হক। তিনি আদালতে বলেন, তোরাব আলী বিডিআর কল্যাণ সমিতির কর্মকর্তা। ঘটনার দিন দরবার হলে পাওয়া যাওয়া বিডিআরের দাবী দাওয়া সংবলিত লিফলেটটি তিনিই আরেক বিডিআর সদস্যের ছেলে জাকির হোসেনকে নিয়ে কম্পিউটারে তৈরি করেন। তাই এ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমাণ্ড প্রয়োজন। অন্যদিকে লালবাগ থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন মিজানুর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো রিমান্ড প্রতিবেদনে বলেন, মিজানুর পিলখানার ঘটনায় বিডিআরের পক্ষ নিয়ে মিছিল করেছিলেন। এছাড়া বিডিআর সিপাহী মনিরুজ্জামানকে গুলশান থানা পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে হাজির করলে মহানগর হাকিম সাইফুর রহমান সিদ্দিক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পিলখানা হত্যাকাণ্ডের পর ২৮ ফেব্র"য়ারি বিডিআর এর উপ-সহকারি পরিচালক তৌহিদসহ সহস্রাধিক ব্যক্তিকে আসামী করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা বাদি হয়ে মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/এসকে/২৩২৪ঘ.