খুলনা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার ফুলতলা উপজেলার দামোদর সাহাপাড়া গ্রামে বুধবার গভীর রাতে রিপা (২৬) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ভোরে পুলিশ তার স্বামী সেনা সদস্য রাসেল আহমেদকে (৩৪) গ্রেপ্তার করেছে। তিনি বান্দরবানে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত। গত ৬ মার্চ তিনি ছুটি নিয়ে বাড়িতে আসেন।
এ ঘটনায় রিপার ভাই আলী ইমাম ফুলতলা থানায় রাসেল ও তার বাবা-মাসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলার অপর আসামিরা হলেন- রাসেলের বাবা রবিউল শেখ, মা মেরী বেগম, বোন ঝুমা বেগম ও ভাগ্নে জিয়া।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে রিপাকে তার স্বামী রাসেল জবাই করে হত্যা করেছেন বলে তারা ধারণা করছেন। পরে ডাকাত ডাকাত বলে চিৎকার করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানা হেফাজতে থাকা রাসেল সাংবাদিকদের বলেন, রাতে ৪/৫ জনের মুখোশধারী একদল ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। তারা তাকে বেধে রেখে স্ত্রীকে জবাই করে চলে যায়। তবে ডাকাতরা কোন মালামাল লুট করেনি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24