২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

নোয়াখালী ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। এর মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কলাপাড়া নামক স্থানে লাকসাম-সোনাইমুড়ী সড়কে বুধবার রাতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে দুজন মারা যান। সাতক্ষীরায় আশাশুনি ও পাটকেলঘাটায় পৃথক দুর্ঘটনায় মারা গেছেন দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। এর মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কলাপাড়া নামক স্থানে লাকসাম-সোনাইমুড়ী সড়কে বুধবার রাতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে দুজন মারা যান। সাতক্ষীরায় আশাশুনি ও পাটকেলঘাটায় পৃথক দুর্ঘটনায় মারা গেছেন দুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী প্রতিনিধি জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ পাঁচ যাত্রী আহত হন। আহতদের মধ্যে বেলাল হোসেন (৪৫) ও তার ছোট ভাইয়ের স্ত্রী তাজনেহার বেগমকে (২২) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আহত চালক বাবুল হোসেন (২৫) ও জেবুন নাহারসহ (৬০) তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের বাড়ি সোনাইমুড়ী উপজেলার অম্বনগর ইউনিয়নের ওয়াছেকপুর গ্রামে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ঢাকা থেকে সোনাইমুড়ী আসার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের মুখের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দৈনিক দিনকাল এর সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী। এর মধ্যে সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশ মাইল নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয় সোহান (৬)। সে তালা উপজেলার ভারসা গ্রামের আসাদ আলীর ছেলে। পাটকেলঘাটা থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সবুর জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ওই ট্রাকটিসহ (যশোর ট-১১-০৯২৮) তিনটি ট্রাক ও একটি বাস ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ছইলউদ্দীন (৭০) নামের এক পথচারী মারা গেছেন। আহত হয়েছেন সাংবাদিক আব্দুল বারী। আব্দুল বারী জানান, বুধবার রাতে তিনি মোটরসাইকেলে করে আশাশুনি উপজেলার গুনাকরকাঠি থেকে সাতক্ষীরা শহরে আসছিলেন। রামচন্দ্রপুর মোড়ে পৌঁছার পর একজন বাইসাইকেল আরোহীকে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ছইলউদ্দীনকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। এতে তিনি ও ছইলউদ্দীন মারাত্মক আহত হন। তাদের দু'জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ছইলউদ্দীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ছইলউদ্দীনের বাড়ি শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামে। এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.