খুলনা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে খুলনার বটিয়াঘাটা উপজেলায় নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহারে তাদের রাজাকার হিসেবে উল্লেখ করা হয়েছে।
খুলনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইব্রাহিমের আদালতে বুধবার মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী হলেন ১৯৭১ সালে নিহত বালিয়াডাঙ্গা গ্রামের মোসলেম গোলদারের ছেলে আব্দুল্লাহ গোলদার।
আসামিরা হলেন- রফিকুল মোড়ল (৭০), বেলায়েত মোড়ল (৬৮), মোস্তাফা মোল্লা (৭৫), মহর শেখ (৬৩), আশরাফ আলী শেখ (৬৫), গফ্ফার গেলদার (৬৯), আ. হাকিম (৬৭), রজ্জব আলী সরদার (৭৭) ও কারবালা সরদার (৬৩)।
বাদীর আইনজীবী শেখ ইয়াদ আলী বলেন, "বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। এরপর আদেশ দেওয়া হবে মামলাটি থানা তদন্ত করবে নাকি সরাসরি আদালতে বিচারকাজ শুরু হবে।"
মামলার বিবরণে জানা যায়, ১৯৭১ সালের ১০ ডিসেম্বর সকালে আসামিরা রাইফেল ও বন্দুক নিয়ে বাদীর বাড়িতে আসে। এরপর রাজাকার রফিকুল মোড়ল মোসলেম গোলদারকে ধরে আনার হুকুম দেয়। তখন সঙ্গে থাকা অন্য রাজাকার সদস্যরা মোসলেম গোলাদারকে ধরে স্থানীয় ফুলবাড়ী কাউন্সিল মাঠে নিয়ে যায়। সেখানে রফিকুল মোড়ল বন্দুক দিয়ে মোসলেম গোলদারের বুকে একাধিক গুলি চালায়। মোসলেম গোলদার মাটিতে লুটিয়ে পড়লে আশরাফ আলী শেখ ছুরি দিয়ে তার গলা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় আব্দুল হাকিম ও রজ্জব আলী সরদার কুড়াল দিয়ে মোসলেম সরদারের দু'পা শরীর থেকে বিচ্ছিন্ন করে। পরে লাশ বস্তায় ভরে নিয়ে যায়।
এই মামলায় আট সাক্ষী হলেন- খোদেজা বেগম, রউফ গোলদার, জোনা মোল্লা, সামাদ শেখ, রাশিদা বেগম, জামেলা বেগম, লতিফ শেখ ও আবু বকর সিদ্দিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24