ঢাকা, ১১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থ বছরের (২০০৯-১০) বাজেটে করপোরেট ট্যাক্স ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার সুপারিশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এমসিসিআই)।
পাশাপাশি ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার প্রস্তাব করেছে বাণিজ্য সংগঠনটি।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এমসিসিআই সভাপতি আবদুল হাফিজ চৌধুরী এসব সুপারিশ করেন।
রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে এ আলোচনার আয়োজন করা হয়।
নতুন বাজেটকে সামনে রেখে এনবিআর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছে। এরই ধারাবাহিকতায় বুধবার এমসিসিআই নেতাদের সঙ্গে মতবিনিময় করে এনবিআরের কর্মকর্তারা।
মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, "এমসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে ইপিজেডের বাইরের (রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা) শিল্প-প্রতিষ্ঠানগুলোকে ইপিজেডের মতো একই ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে। স্থানীয় শিল্পের বিকাশের স্বার্থে আগামী বাজেটে এ বিষয়টি বিবেচনায় আনা।"
এ প্রসঙ্গে এনবিআর প্রধান আরও বলেন, ইপিজেডের কিছু কিছু শিল্প-প্রতিষ্ঠান সরকারের দেওয়া সুযোগ-সুবিধার অপব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এনবিআরের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।"
তিনি জানান, ইপিজেডের কিছু কিছু প্রতিষ্ঠানের মালিক এনবিআরের শুল্ক সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানি করে সেই কাঁচামাল ইপিজেডের বাইরে অবস্থিত তাদের অন্য শিল্প-প্রতিষ্ঠানেও ব্যবহার করছে। এমনকি এই কাঁচামাল বাইরে বিক্রি করে দেওয়ারও অভিযোগ আছে। এর ফলে স্থানীয় শিল্প অসম প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।
হাফিজ চৌধুরী বলেন, "বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সঙ্কট চলছে। যদিও আমাদের অর্থনীতিতে এর প্রভাব এখনও গভীরভাবে পড়েনি। তবে তৈরি পোশাক, চামড়া, হিমায়িত খাদ্যসহ অন্যান্য পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব প্রড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বিদেশে আমাদের শ্রম বাজারও সংকোচিত হতে পারে। এর ফলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।"
কর্পোরেট ট্যাক্স কমানোর পেছনে যুক্তি উপস্থাপন করে এমসিসিআই সভাপতি বলেন, "পৃথিবীর কোনো দেশেই কর্পোরেট ট্যাক্স ৪৫ শতাংশ নেই।"
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, স্কয়ার গ্র"পের স্বত্তাধিকারী স্যামসন এইচ চৌধুরী, এমসিসিআই পরিচালক আনিস এ খান, ফারুক আহমেদ, একেএম রফিকুল ইসলাম, জি মাইনউদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এইচএ/২২০০ঘ.
bdnews24