ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত কাজে পরামর্শ দেওয়ার জন্য যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের চার সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সকালে ঢাকায় এসেছে। (আরও তথ্যসহ)
গুলশানের একটি হোটেলে এক সংবাদ ব্রিফিং-এ ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বলেন, এ ধরনের ঘটনার তদন্ত যুক্তরাজ্য যেভাবে করা হতো ঠিক সেই ব্যাপারে পরামর্শ দিতে দলটি ঢাকায় এসেছে।
তিনি বলেন, "অপরাধী এই তৎপরতার রহস্য উদ্ঘাটনের জন্য দলটি এখানে আসেনি। আর তাদের ভূমিকা হবে অবশ্যই বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ।"
স্কটল্যান্ড ইয়ার্ডের দলটি সকাল ৯টার দিকে ঢাকায় এসেছে বলে জানিয়ে ইভান্স বলেন, দিনের শেষভাগে তারা এফবিআই-এর অগ্রবর্তী দলের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন।
তদন্তে সহায়তার জন্য সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুই সদস্যের অগ্রবর্তী দলটি বাংলাদেশে এসেছে রোববার।
মঙ্গলবার সকালে ঘটনাস্থল বিডিআর সদর দপ্তর পরিদর্শন করেন তারা দু'ঘন্টা ধরে।
এফবিআই জানিয়েছে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে পরিচালিত স্থানীয় তদন্তকারীদের সঙ্গে কাজ করার শর্তাবলী নির্ধারণ করবে এই দলটি।
সরকার বলছে, তাদের অবস্থানের মেয়াদকাল তাদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করবে।
২৫ ও ২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের পরপর ঘটনার তদন্তে সরকার যুক্তরাষ্ট্রের এফবিআই ও যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তা কামনা করে।
আগের দিন মঙ্গলবার ঢাকায় পৌঁছে ব্রিটেনের দক্ষিণ এশিয়া বিষয়ক মিনিস্টার মাইক ফস্টার জানিয়েছিলেন, স্কটল্যান্ড ইয়ার্ডের চার সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার ঢাকায় আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এমএইচসি/এফএফ/এজে/টিআর/জিএনএ/ ঘ.
bdnews24