কুষ্টিয়া, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফকির লালন শাহ স্মরণে কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামে বুধবার থেকে লালন স্মরণ-উৎসব শুরু হচ্ছে। চলবে শুক্রবার পর্যন্ত।
এ উপলক্ষে লালন একাডেমি চত্বরে [আখড়া বাড়ি] লালন স্মৃতিচারণ, লালন মেলা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় খুলনার বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান উৎসবের উদ্বোধন করবেন বলে একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে।
লালন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলি খান বলেন, এবারের উৎসবে দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে লালনের মাজার প্রাঙ্গণ।
দেশের বিভিন্ন এলাকা থেকে লালন ভক্ত-বাউল-ফকিররা ইতোমধ্যেই আখড়া বাড়িতে জড়ো হতে শুরু করেছেন।
মাজার প্রাঙ্গণে বসেছে লালন মেলা। উৎসবকে ঘিরে কুষ্টিয়া শহরেও সাজ সাজ অবস্থা বিরাজ করছে।
কুষ্টিয়ার পুলিশ সুপারিন্টেনডেন্ট (এসপি) মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, "লালন স্মরণোৎসব উপলক্ষে একাডেমি চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪০ ঘ.
bdnews24