জামালপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রেনে কাটা পড়ে সোমবার রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্র শিবির সভাপতি হাফেজ রমজান আলী মারা গেছেন।
জামায়াতের অভিযোগ, রমজানকে ট্রেনের নিচে ফেলে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
জেলা জামায়াত সেক্রেটারি বেলায়েত হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় রমজানকে সন্ত্রাসীরা স্থানীয় দিঘলকান্দি এলাকায় মারধর করে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি লোকাল ট্রেনের নিচে ফেলে দেয়। ট্রেনে তার দুই পা কাটা পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করলে রাতে তিনি মারা যান।
একই সময় ছাত্রলীগ কর্মীরা দেওয়ানগঞ্জ উপজেলা শিবির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলেও অভিযোগ করেন এ জামায়াত নেতা।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল উদ্দিন জানান, ট্রেনে কাটা পড়লে হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে আটটায় রমজান মারা যান। ঘটনাটি রেল লাইনের উপর হওয়ায় জামালপুর রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে।
তিনি বলেন, "এটি হত্যা নয়, দুর্ঘটনা। শিবির অফিসে হামলা ও ভাংচুর একটি বিচ্ছিন্ন ঘটনা।"
রমজানের বড় ভাই ওলী উল্লাহ জামালপুর জিআরপি থানায় মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২৩২২ ঘ.
bdnews24