দিনাজপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের চিরিরবন্দরে দুই মেয়েকে বিষ খাইয়ে মা আত্মহত্যা করেছে।
চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক আজগার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক কলেহের জের ধরে আব্দুলপুর ইউনিয়নের নান্দারাই গ্রামের ব্যবসায়ী আব্দুর রউফের স্ত্রী মোসলেমা বেগম (৩৩) প্রথমে নিজে কীটনাশক পান করেন। তারপর তা খাওয়ান তার দুই মেয়ে আরিফা (৪) ও দেড় বছরের উর্মিলাকে।
আব্দুর রউফ পুলিশকে জানান, বিষ খাওয়ার পর সোমবার রাতে তাদের হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে মোসলেমা মারা যান।
শিশু দু'টিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু মঙ্গলবার তারাও মারা যায়।
পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার আলামত মিলেছে।
মোসলেমার বিষপান করার সময় আব্দুর রউফ নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন বলে পুলিশকে জানান।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/১৯৫৮ ঘ.
bdnews24