২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৪০

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

হবিগঞ্জ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের হবিগঞ্জ গ্যাস ফিল্ডের কাছের দুর্ঘটনায় চারজন নিহত হয়। এদের দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে- কাপ্তাইয়ের এহসানুল হক মামুন এবং গাইবান্ধার ফুলবাড়ির মহিলা আনসার সদস্য মমতাজের শিশুকন্যা রেখা মনি। এ দুর্ঘটনায় আহত ৪০ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে সিলেটগামী মাইক্রোবাস, সিলেট থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাসী বাস ও স্থানীয় সড়ক থেকে মহাসড়কে ওঠার জিপগাড়ির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।" তিনি জানান, খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আরেকটি দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে ১০টার দিকে মহসড়কের নবীগঞ্জ উপজেলার সাঈদপুর বাজারে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্রুতগামী একটি বাসের চাপায় সাঈদপুর বাজারে একজন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬৩২ ঘ.