ঢাকা মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদরদপ্তরে হত্যাকাণ্ডের তদন্তে কাজ শুরু করেছেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুই সদস্য।
সোমবার হত্যাকাণ্ড ও তদন্ত প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তাদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেন তারা।
পিলখানা হত্যাকাণ্ড মামলার তদারককারী কর্মকর্তা সিআইডি'র বিশেষ পুলিশ সুপার মিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এফবিআই এর দুই প্রতিনিধি আমাদের সঙ্গে মামলাটি নিয়ে আলোচনা করেছেন। ঘটনার সময়, বিবরণ ও তদন্ত প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে।"
এফবিআই কমকর্তারা সোমবার ঘটনাস্থলে না গেলেও মঙ্গলবার সেখানে যেতে পারেন বলে জানান তিনি।
সরকারের আবেদনের পরিপ্রক্ষিতে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত ও এ ব্যাপারে সহায়তা করার জন্য এফবিআই-এর এই দুই সদস্যের অগ্রবর্তী দল রোববার বাংলাদেশে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এএল/এসকে/২১২৬ঘ.
bdnews24