ফরিদপুর, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর মেডিকেল কলেজ আগামী ২১ মার্চ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজে কর্তৃপক্ষ। একইদিন ছাত্রাবাসগুলোও খুলে দেওয়া হবে।
সোমবার দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রফিকুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার ছাত্রাবাসের আসন বরাদ্দ নিয়ে দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা এবং ছাত্র-ছাত্রীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়।
কাউন্সিলের সভায় সংঘর্ষের ঘটনা তদন্তে দু'টি কমিটি করারও সিদ্ধান্ত হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যাক্ষ ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো জানান, রোববারের সংঘর্ষের ঘটনা তদন্ত করতে ডা. শরীফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি এবং আসন বরাদ্দ নিয়ে জটিলতা নিরসনের জন্য হোস্টেল সুপার ডা. আব্দুস সালামের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।
তিনি জানান, কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উপাধ্যাক্ষ বলেন, "ছাত্র সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিল। সভায় আগামী ২১ মার্চ কলেজ খুলে দেওয়া এবং ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
ছাত্রাবাসও ওই একইদিন খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24