২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় বিদ্রোহের দিন উপস্থিত বিডিআর সদস্যের আত্মহত্যা

পিলখানায় বিডিআর সদর দপ্তরে সোমবার ভোরে মোজাম্মেল হক (৫০) নামে বিডিআরের এক নায়েক সুবেদার আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 08:27 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিডিআর সদর দপ্তরে সোমবার ভোরে মোজাম্মেল হক (৫০) নামে বিডিআরের এক নায়েক সুবেদার আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। (আরো তথ্যসহ) দুইমাস আগে কুচকাওয়াজের জন্য এই বিডিআর সদস্যকে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। বিদ্রোহের ঘটনার দিন তিনি পিলখানায় উপস্থিত ছিলেন। লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোজাম্মেল হক (৫০) নামে বিডিআরের এক নায়েক সুবেদার আত্মহত্যা করেছেন।" নাম প্রকাশে অনিচ্ছুক লালবাগ থানার একজন উপ-পরিদর্শক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে আমরা ৪৪ নম্বর ব্যারাকের ঘটনাস্থলে যাই। সেখানে তাকে একটি বাথরুমের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাই।" তিনি জানান, মোজাম্মেল হক দিনাজপুরের রাইফেল ব্যাটালিয়নে কর্তব্যরত ছিলেন। দুইমাস আগে কুচকাওয়াজের জন্য তাকে সদরদপ্তরে সংযুক্ত করা হয়। নিহতের ভাই আব্দুল কাদের বলেছেন, বিদ্রোহের ঘটনার সময় তার ভাই সদর দপ্তরের ভেতরেই ছিলেন। তিনি না পালিয়ে ভেতরেই থেকে যান। এর মধ্যে কয়েকবার তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে আব্দুল কাদের বলেন, "তখন তিনি ভালো আছেন বলেই আমাদেরকে জানিয়েছেন। সর্বশেষ রোববারও মোবাইল ফোনে যোগাযোগ হয়েছে।" "ভাইয়ের আত্মহত্যা করার কোন কারণ নেই", বলেন কাদের। এর আগে লালবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা ঠাকুর দাস মালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে বিডিআরের এক সদস্য ৪৪ নম্বর ব্যারাকের বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে তাদের কাছে খবর আসে। এর পর পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, পিলখানায় লাশের সুরতহালের পর মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্ত শেষে তা আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/এএল/এসকে/২১৩৬ঘ.