২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে পারছে না সংসদ সচিবালয়

বিডিআর বিদ্রোহের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সংসদ ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত নতুন নিরাপত্তা নীতিমালা কার্যকর করতে পারছে না সংসদ সচিবালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 07:29 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সংসদ ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত নতুন নিরাপত্তা নীতিমালা কার্যকর করতে পারছে না সংসদ সচিবালয় কর্তৃপক্ষ। নতুন নীতিমালা অনুযায়ী, সংসদ ভবনের কাছের টানেলটিতে মন্ত্রী ও সাংসদদের গাড়িসহ যে কোন গাড়ি রাখতে নিষেধ করা হয়েছে। কিন্তু এই নীতিমালা উপেক্ষা করে রোববার বেশকিছু গাড়ি ওই টানেলের মধ্যে রাখা হয়। সংসদের নিরাপত্তা প্রধান সার্জেন্ট-অ্যাট-আর্মস ক্যাপ্টেন কাজী ইমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন কারণে আমরা নতুন নীতিমালা কার্যকর করতে পারছি না। কেউ কেউ সহযোগিতা করছেন, আবার কেউ কেউ করছেন না।" তিনি বলেন, "নতুন এই নীতিমালা আজ (রোববার) থেকে কার্যকর হয়েছে। আমরা এই নীতিমালা কার্যকর করতে পদক্ষেপ নেবো। পর্যায়ক্রমে আমরা এ ব্যাপারে আরো কঠোর হবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রতিনিধি নিরাপত্তা কর্মীদের সামনেই ওই টানেলের মধ্যে অন্তত ১০টি গাড়ি দেখতে পান। বিকেল চারটায় টানেলের ভিতরে পার্ক করা কয়েকটি গাড়ির নম্বর হলো: ঢাকা মেট্রো-গ-১৭-০১৫৯, ঢাকা মেট্রো-চ-১১-৫৫২১, ঢাকা মেট্রো-দ-১১-০৩৪৬, ঢাকা মেট্রো-ঘ-১১-৬৫২২, ঢাকা মেট্রো-ঘ-১১-৯২৮৮ এবং ঢাকা মেট্রো-গ-১১-০৪৯৭। এছাড়াও এই সময় ওইখানে অন্তত ১০টি মোটরসাইকেল পার্ক করা ছিল। নিরাপত্তা কর্মী আব্দুর রহিম এই প্রতিনিধিকে বলেন, "এই টানেলে যে কোন গাড়ি রাখা নিষেধ।" অথচ ওই সময় টানেলের ভিতরে দুইটি গাড়ি পার্ক করা ছিল। গত শুক্রবার স্পিকার আব্দুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের বিষয়ে বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, সংসদের মূল ভবন থেকে মাত্র ২০ ফুট দূরত্বে অবস্থিত এই টানেলের ভিতরে কোন গাড়ি পার্ক করতে দেওয়া হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /কেআরসি/কিউএইচ/এইচএ/০১২৩ঘ.