ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিন শ' কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশি-বিদেশি উৎস থেকে এই অর্থ সংগ্রহ করা হবে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ে রোববার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি কমিটির সভায় মন্ত্রণালয়ের বিদায়ী সচিব এ এইচ এম রেজাউল কবির এ কথা জানান।
তিনি জানান, তিন শ' কোটি টাকার এ অর্থ ব্যবহারের জন্য জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড নীতিমালা মন্ত্রিপরিষদে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।
কমিটির সভাপতি পরিকল্পনামন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার সভা শেষে সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাব (ঘুর্ণিঝড়সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ) মোকাবেলার উপায় নিয়ে সভায় আলোচনা আলোচনা হয়েছে। এ জন্য একটি পরিকল্পনা তৈরি করা হবে।
তিনি বলেন, "বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের জ্ঞানকে সময়োপযোগী করে তুলে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে খাপ খাওয়ানোর কৌশল নির্ধারণ করতে হবে।"
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বেসরকারি সংস্থাগুলোর উদ্দেশে বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতার নামে যেন টাকা অপচয় না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। তহবিলের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের উপকার করতে হবে।
বৈঠকে বিশেষজ্ঞ পর্যায়ের কেউ উপস্থিত না থাকায় ১৯ মার্চ কমিটির পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৯ মার্চের সভায় বিশেষজ্ঞদের উপস্থিতিতে এ বিষয়ে আরো পর্যালোচনা করে কর্মপরিকল্পনা ঠিক করা হবে বলে পরিকল্পনা মন্ত্রী জানান।
একে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রী মোস্তাফিজুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা বক্তব্য রাখেন।
মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 'বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান ২০০৮' পর্যালোচনা করে এটিকে পুনর্গঠনের জন্য গত ২৩ ফেব্র"য়ারি একটি কমিটি গঠন করা হয়।
অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকারও এ কমিটির সভাপতি। সদস্য সংখ্যা ১৮। রোববার ছিল কমিটির প্রথম সভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কিউএইচ/ডিডি/টিআর/০০৫৭ ঘ.
bdnews24